/ এনসিপি নেতার সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্পে, চিকিৎসা পেলেন শতাধিক রোগী

এনসিপি নেতার সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্পে, চিকিৎসা পেলেন শতাধিক রোগী


জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খুলনায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীর শিববাড়ি মোড়ে জাতীয় যুবশক্তির খুলনা জেলা আহ্বায়ক সাজিদুল ইসলাম বাপ্পির সৌজন্যে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের একাধিক চিকিৎসক রোগীদের চিকিৎসাসেবা দেন। দিনব্যাপী আয়োজনে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। পাশাপাশি রোগীদের ডায়াবেটিস ও রক্তচাপ (ব্লাড প্রেসার) মাপার সুবিধাও দেওয়া হয়।


ক্যাম্পে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সেবামূলক কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করতে দেখা যায়।
জাতীয় যুবশক্তির খুলনা জেলা আহ্বায়ক সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদ ও আহতদের স্মরণে এই বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়েছে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”


ক্যাম্পে চিকিৎসা নিতে আসা নগরীর মর্জিনা বেগম বলেন, “বিনামূল্যে ডাক্তার দেখাতে পেরে আমরা খুবই উপকৃত হয়েছি। বিশেষ করে ডায়াবেটিস ও ব্লাড প্রেসার মাপার ব্যবস্থা থাকায় একসঙ্গে প্রয়োজনীয় কয়েকটি সেবা পেয়েছি। এ ধরনের আয়োজন সাধারণ মানুষের জন্য অনেক উপকারী।”
আরেক সেবাগ্রহীতা রানি খাতুন বলেন, “চিকিৎসার খরচ বহন করা অনেকের জন্য কঠিন। এখানে কোনো টাকা ছাড়াই ডাক্তার দেখানো ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছি। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
আয়োজক কমিটি জানান, সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবায় সহযোগিতা করার পাশাপাশি ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের মানবিক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।