/ ক্রিসেন্ট জুট মিলে ফিড কারখানা চালুর প্রতিবাদে খালিশপুরে শ্রমিকদের বিক্ষোভ

ক্রিসেন্ট জুট মিলে ফিড কারখানা চালুর প্রতিবাদে খালিশপুরে শ্রমিকদের বিক্ষোভ

খুলনার রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট জুট মিল লিজ নিয়ে পাটকল চালু না করে সেখানে মুরগির ফিড কারখানা চালুর উদ্যোগের প্রতিবাদে খালিশপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বন্ধ হয়ে যাওয়া পাটকলের শ্রমিকরা। তাদের দাবি, লিজগ্রহীতা মাহাবুব অ্যান্ড কোংকে দিয়ে ফিড কারখানা নয়, ক্রিসেন্ট জুট মিলেই পাট উৎপাদন কার্যক্রম চালু করতে হবে।


গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় খালিশপুরের ক্রিসেন্ট জুট মিলের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। রাষ্ট্রায়ত্ত পাটকলের সিবিএ-নন সিবিএর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বন্ধ প্লাটিনাম, দৌলতপুর, ক্রিসেন্ট ও খালিশপুর জুট মিলের শ্রমিকরা অংশ নেন।
এর আগে বিকেল ৫টার দিকে শ্রমিকরা ক্রিসেন্ট জুট মিলের প্রধান ফটকের সামনে সমবেত হন। পরে মিল চালুর দাবিতে তাঁরা বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে প্রধান ফটকের সামনে শ্রমিক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিকদলের খালিশপুর আঞ্চলিক কমিটির আহ্বায়ক আবু দাউদ দীন মোহাম্মদ মৃধা।
সমাবেশে বক্তব্য দেন খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বিপ্লবুর রহমান কুদ্দুস, ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মো. ফারুক হোসেন হিলটন, সৈয়দ হুমায়ুন কবির, শ্রমিক নেতা মো. ওমর ফারুক, মো. জাহাঙ্গীর হোসেন, মো. রেজাউল ইসলাম, মো. ইউসুফ শিকদার, মনির হোসেন, মো. ফরিদ, মো. আব্দুর রাজ্জাক তালুকদার, মো. সাইদুল ইসলাম ও মো. সেলিম।
এসময় বক্তারা বলেন, ক্রিসেন্ট জুট মিল লিজ নিয়ে পাটকল চালু না করে সেখানে মুরগির ফিড কারখানা চালুর উদ্যোগ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পাটকলগুলো চালুর মাধ্যমে খালিশপুরের শ্রমিকদের কর্মসংস্থান ও ঐতিহ্যবাহী পাটশিল্প পুনরুজ্জীবিত করার দাবি জানান তাঁরা।
তাঁরা বলেন, ক্রিসেন্ট জুট মিলের অবকাঠামো ব্যবহার করে পাটকলের পরিবর্তে অন্য কোনো শিল্প স্থাপনের উদ্যোগ নেওয়া হলে তা শ্রমিকদের স্বার্থের পরিপন্থি হবে। তাই অনতিবিলম্বে ফিড কারখানা চালুর উদ্যোগ বন্ধ করে ক্রিসেন্ট জুট মিলকে পাটকল হিসেবে চালু করতে হবে।
সমাবেশ থেকে বক্তারা বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যানের কাছে ক্রিসেন্ট জুট মিলের মহাব্যবস্থাপক কামরুল ইসলামকে প্রত্যাহারেরও দাবি জানান।
শ্রমিক নেতারা বলেন, ক্রিসেন্টসহ খালিশপুরের বন্ধ পাটকলগুলো চালু হলে একদিকে বিপুলসংখ্যক শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে খুলনার ঐতিহ্যবাহী পাটশিল্পও আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে। এ জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা। খবর ঃ বিজ্ঞপ্তির।।