/ নগর ভবনের সিঁড়িতে পেট্রোল বোমা আতঙ্কিত হওয়ার কিছু নেই: প্রশাসক

নগর ভবনের সিঁড়িতে পেট্রোল বোমা আতঙ্কিত হওয়ার কিছু নেই: প্রশাসক

স্টাফ রিপোর্টার : খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নগর ভবনের সামনের সিঁড়ি লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করা হয়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে আতংক ছড়াতে সেই ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে প্রচার করেছেন হামলাকারীরা।


পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক নগর ভবনের সামনে আসে। তারা ভবনের সিঁড়ি লক্ষ্য করে পেট্রোল বোমাটি নিক্ষেপ করে। সেখানে কাঠ বা কাগজের মতো দাহ্য পদার্থ না থাকায় আগুন ছড়িয়ে পড়েনি। অল্প কিছু সময় জ্বলার পর আগুন নিভে যায়।
খুলনা সদর থানার ওসি মো. লোকমান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পেট্রোল বোমাটি নগর ভবনের সিঁড়ির ওপর পড়েছিল। এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। শুধু সিঁড়িতে সামান্য দাগ পড়েছে।
এদিকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুর ইসলাম মঞ্জু সোমবার সকালে নগর ভবনের সামনের সিড়িতে সন্ত্রাসী কর্তৃক পেট্রোল বোমা হামলার স্থান পরিদর্শন করেন। প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ কেসিসি’র কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।


প্রশাসক উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মনে শঙ্কা রয়েছে ঠিকই তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ পরিস্থিতি শক্তভাবে মোকাবেলা করা হবে। দেশকে অস্থিতিশীল করার জন্য ফ্যাসিবাদপন্থীদের ষঢ়যন্ত্র আছে উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নিয়েছি এবং খুলনার সন্ত্রাস দমনে কঠোর পদেক্ষেপ নেওয়ার জন্য সরকারকে বলেছি। তবে জনমনে আতঙ্ক ছড়ানোর জন্য সন্ত্রাসীরাও এ ঘটনা ঘটাতে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেন।
সাংবাদিকের অপর এক প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, গভীর রাতে পেট্রোল বোমা নিক্ষেপের সংবাদ পেয়ে হতবাক হয়েছি। কারণ সিটি কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান মানুষের জন্য কাজ করে এবং কারো প্রতিপক্ষ না। সেবামূলক প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান।
প্রশাসক আরো বলেন, পরাজিত ফ্যাসিবাদীরা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে কিছু নাশকতার ঘটনা ঘটিয়েছে। খুলনায়ও জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে গত সপ্তাহে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। এ ঘটনায় জড়িত একজন ইতোমধ্যে গ্রেফতার হয়েছে।


খুলনা শহরকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে উল্লেখ করে তিনি বলেন, মানুষকে জিম্মি করে রাজনৈতিক আদর্শ বাস্তবায়ন করা যায় না। মাননীয় প্রধানমন্ত্রী খুলনাবাসীর নিরাপত্তার জন্য যা যা করা প্রয়োজন সেই পদক্ষেপ নিবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী খুলনাসহ দক্ষিণাঞ্চলকে আলোকিত করার যে পদক্ষেপ নিয়েছেন সেটি সফল করার জন্য আমরা তাঁর পাশে থাকবো, খুলনাবাসীও পাশে থাকবে বলে তিনি জানান।
খুলনা ওয়াসা’র চেয়ারম্যান ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান, কেসিসি’র প্রধান নির্বার্হ কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো: রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, বাজেট কাম একাউন্টস অফিসার মো: মনিরুজ্জামানসহ কেসিসি’র কর্মকর্তা, কর্মচারী ও গণমাধ্যমকর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন।