/ খুন-চাঁদাবাজিতে আতঙ্কে খুলনাবাসী, বিশেষ অভিযান দাবি

খুন-চাঁদাবাজিতে আতঙ্কে খুলনাবাসী, বিশেষ অভিযান দাবি

#যৌথ বাহিনীর বিশেষ অভিযান চান মঞ্জু
#অঘোষিত রেড জোনে পরিণত হয়েছে: হেলাল

#নিরাপত্তা নিশ্চিতে এনসিপির সাত দফা দাবি

#মানববন্ধনে নামছে নাগরিক সংগঠনগুলো

আহমদ মুসা রঞ্জু/এম মুর্শেদ ঃ খুন, চাঁদাবাজি ও সন্ত্রাসে অস্থির হয়ে উঠছে খুলনা। একের পর এক হত্যাকাণ্ড, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও চাঁদাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে নগরজুড়ে। নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যবসায়ী ও পেশাজীবীরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ধ্যার পর কারফিউ জারি এবং যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চালানোর দাবি জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। খুলনাকে ‘অঘোষিত রেড জোন’ হিসেবে অভিহিত করেছেন খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিয়েছে সাত দফা দাবি। প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা দিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)সহ বিভিন্ন সংগঠন। এমন পরিস্থিতিতে অপরাধ দমনে বিশেষ অভিযান জোরদারের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।


কেএমপি ও জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ দিনে খুলনায় নয়টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে পাঁচটি নগরীতে এবং চারটি রূপসা ও ডুমুরিয়া উপজেলায়। চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত নগরীতে ৩৯টি এবং জেলায় ৪০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।


গত শুক্রবার রূপসায় গুলিতে নিহত বিএনপি নেতা মো. জাকির হোসেনের (৪৩) জানাজায় অংশ নিয়ে নজরুল ইসলাম মঞ্জু বলেন, গত আড়াই বছরে খুলনা জেলা ও মহানগরীতে প্রায় ২০০টি খুন হয়েছে। মাদকের ব্যাপক বিস্তার ঘটেছে। মানুষকে চাঁদা দিতে হচ্ছে। কয়েকটি সন্ত্রাসী গ্রুপের হাতে নগরীর ১৪ লাখ মানুষ জিম্মি হয়ে পড়েছে।
জাকির হত্যাকাণ্ডের নৃশংসতা তুলে ধরে তিনি বলেন, একজন ত্যাগী আন্দোলনকর্মীকে মাথায় পিস্তল ঠেকিয়ে দুটি গুলি করে হত্যা করা হয়েছে। একটি গুলি মাথার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে, আরেকটি মস্তিষ্কে আটকে ছিল। খুলনা জেলা ও মহানগরীতে তাঁদের আট থেকে দশজন নেতাকর্মী হত্যার শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি।
মঞ্জু বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, সন্ধ্যার পর খুলনায় কারফিউ জারি করা হোক। প্রধানমন্ত্রীকেও বলব, যৌথ বাহিনীর অভিযান চালাতে হবে। যারা মানুষকে জিম্মি করে, হত্যা করে ও চাঁদা আদায় করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে প্রতিটি এলাকায় পাহারার ব্যবস্থা করতে হবে। পুলিশকে অপরাধপ্রবণ এলাকায় টহল বাড়ানো, মোবাইল পুলিশ পাঠানো ও ক্যাম্প স্থাপনের আহ্বান জানান তিনি।


নিহত জাকিরের দুটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। তাঁর স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে মঞ্জু বলেন, ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানটি আর বাবাকে দেখতে পাবে না। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করতে হবে।
এদিকে হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও শনিবার পর্যন্ত থানায় মামলা হয়নি, গ্রেপ্তারও হয়নি কেউ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে নির্বাচন করার আগ্রহ এবং ব্যবসায়িক বিরোধকে সম্ভাব্য কারণ ধরে তদন্ত করছে পুলিশ।
খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেছেন, তাঁর নির্বাচনী এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি হতে দেওয়া হবে না। সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবেন।


তিনি বলেন, খুলনার মানুষ নিরাপত্তা ও স্বস্তিতে জীবনযাপন করতে চান। কিন্তু বর্তমানে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা কাজ করছে। ভয়ে অনেকে শহর ছাড়ার উদ্যোগ নিচ্ছেন। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ করছেন, চিকিৎসাসেবায় নিয়োজিত ব্যক্তিরাও নিরাপত্তার দাবিতে মাঠে নেমেছেন। এটি সবার জন্য লজ্জার।
সংসদ সদস্য বলেন, অভিযান চলার পরও চাঁদাবাজি অব্যাহত থাকলে মানুষ স্বস্তি পাবে কীভাবে? খুলনার পরিস্থিতি এখন অঘোষিত রেড জোনে পরিণত হয়েছে। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। চাঁদাবাজদের পাশাপাশি তাদের পৃষ্ঠপোষক ও আশ্রয়দাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান। প্রয়োজনে যৌথ বাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনার আহ্বান জানান তিনি।
খুলনায় ধারাবাহিক হত্যাকাণ্ড, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), খুলনা জেলা শাখা। জননিরাপত্তা নিশ্চিত করতে সাত দফা দাবি জানিয়েছে দলটি।


গতকাল শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জেলা আহ্বায়ক মাহমুদুল হাসান ফয়জুল্লাহ লিখিত বক্তব্যে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল নিরাপদ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা। অথচ খুলনার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে পড়েছেন। অপরাধীরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিচ্ছে, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালাচ্ছে এবং চাঁদা দাবি করছে। হুমকির মুখে ফার্মেসিসহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আগামী ২০ নভেম্বর সকালে কেএমপি সদর দপ্তরের সামনে মানববন্ধন ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সংগঠনটির জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট কুদরত-ই-খুদা এ কর্মসূচির কথা জানান।
এ ছাড়া ব্যবসায়ী, পেশাজীবী, উন্নয়ন সংগঠন ও নগরবাসীর প্রতিনিধিরা আগামী ২২ নভেম্বর সকাল সাড়ে ১০টায় কেএমপি কমিশনারের কার্যালয়ের সামনে মানববন্ধন করবেন।


ধারাবাহিক হত্যাকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে খুলনা সার্কিট হাউসে জরুরি বৈঠক করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে সভায় কেএমপি কমিশনার সাজ্জাদুর রহমান, এসআরবি-৬, জেলা পুলিশ, নৌপুলিশ, আর্মড পুলিশ, কোস্টগার্ড ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় যৌথ বাহিনীর অভিযান জোরদার, গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত হয়। ঝুঁকিপূর্ণ এলাকায় প্রয়োজনে ২০০ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার রাত থেকেই বিভিন্ন এলাকায় অভিযান শুরু হয়েছে।


জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র বলেন, সন্ত্রাসী গ্রুপগুলোকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে চেকপোস্ট ও অভিযান চলছে। জেলা পুলিশের জনবলও বাড়ানো হয়েছে। সব বাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনার বিষয়টি নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত।