স্টাফ রিপোর্টার ঃ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঠিক পরিচর্যা, শিক্ষা, বিকাশ ও পুনর্বাসনে অভিভাবকদের সচেতন ও দক্ষ করে তুলতে নগরীতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী প্যারেন্টিং ওয়ার্কশপ-২০২৬। গতকাল শনিবার উল্লাস পার্কে সমাজসেবামূলক প্রতিষ্ঠান উই শ্যাল ওভারকাম অর্গানাইজেশনের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় অটিজম, এডিএইচডি/এডিডি, বাক্ ও ভাষাগত সমস্যা, বিকাশগত বিলম্ব এবং শারীরিক প্রতিবন্ধকতাসহ বিভিন্ন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর পরিচর্যা ও বিকাশের নানা দিক নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। শিশুদের আচরণ ব্যবস্থাপনা, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, থেরাপি, শিক্ষা এবং দৈনন্দিন জীবনযাপনে প্রয়োজনীয় সহায়তার বিষয়ে অভিভাবকদের দিকনির্দেশনা দেওয়া হয়।
বিশেষজ্ঞ চিকিৎসক, মনোবিজ্ঞানী ও বিভিন্ন পেশাজীবীর অংশগ্রহণে আয়োজিত কর্মশালায় অভিভাবকদের বাস্তব অভিজ্ঞতা, সমস্যা ও প্রশ্নের ভিত্তিতে পরামর্শ দেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন উই শ্যাল ওভারকাম অর্গানাইজেশনের চেয়ারম্যান শারমিন জাহান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু নিউরোলজি ও অটিজম বিশেষজ্ঞ ডা. মশিউর রহমান দিপু, হাসপাতালের সাইকোলজিস্ট ও শিশু মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু সাঈদ এবং সিডিআরসির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডা. স্বাধীনা ইয়াসমিন।
আয়োজকরা জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকাশে শুধু চিকিৎসা বা থেরাপি যথেষ্ট নয়। পরিবারের সচেতনতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পরিচর্যা ও সহযোগিতা পেলে প্রতিটি শিশুর সুপ্ত সম্ভাবনা বিকশিত হতে পারে। এ লক্ষ্যেই অভিভাবকদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বাড়াতে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। আয়োজনে আরও উপস্থিত ছিলেন হাবিবুন নাহার, শায়লা পারভিন, নুর আলামিন, ফরিদা খাতুন প্রমুখ।