/ খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

খুলনা মহানগরীর আড়ংঘাটা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

র‍্যাব সূত্রে জানা গেছে, রোববার (১৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আড়ংঘাটা থানার রায়েরমহল মুন্সিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরদার ইউসুফ আলীর বাড়ির ভাড়াটিয়া বিল্লাল সিপাই ওরফে বিল্লু (২৬) এবং রবিউল ইসলাম রনি ওরফে হৃদয় (২১)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর বিল্লুর শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের দাবি, গ্রেপ্তার বিল্লাল সিপাই ওরফে বিল্লু খুলনার কুখ্যাত ‘বি-কোম্পানি’ নামে পরিচিত সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে আড়ংঘাটা ও হরিণটানা থানায় অস্ত্র আইন, হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে চারটি মামলা রয়েছে।

র‍্যাব-৬ জানায়, দীর্ঘদিন ধরে গ্রেপ্তারকৃতরা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলে তথ্য পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার দুই আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, খুলনা অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।