স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। প্রতিদিনই বাড়ছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় নতুন করে ২৭৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ৯ নভেম্বর পর্যন্ত বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৯৯৪। এ সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৮৪ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৯৭৭ জন।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ২৭৭ রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ২৩৭ এবং বেসরকারি হাসপাতালে ৪০ জন চিকিৎসা নিচ্ছেন। এ সময়ে নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে ৮৪ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২১ হাজার ৪৮৪ জন। এ ছাড়া ৪৪৯ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে।
জেলাভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭৯ জন রোগী ভর্তি হয়েছেন খুলনা জেলায়। এর মধ্যে সরকারি হাসপাতালে ৩৯ এবং বেসরকারি হাসপাতালে ৪০ জন। এ নিয়ে জেলায় চলতি বছরে মোট আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৬৮৮ জন। মারা গেছেন ৩২ জন। বর্তমানে চিকিৎসাধীন ৩১৭ জন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৩৩ জন। এ হাসপাতালে চলতি বছরে মোট ভর্তি হয়েছেন ৩ হাজার ৮৮২ জন। মারা গেছেন ৩৬ জন। বর্তমানে চিকিৎসাধীন ১৪৪ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় ৩০, যশোরে ২৭, বাগেরহাটে ২৬, মাগুরায় ২০, মেহেরপুরে ১৪, ঝিনাইদহে ১২, নড়াইলে ৯, সাতক্ষীরায় ১৫ এবং চুয়াডাঙ্গায় তিনজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আরও নয়জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বাগেরহাটে মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৮৩ জন। এ জেলায় মারা গেছেন আটজন। যশোরে আক্রান্ত ২ হাজার ৩২৭ জন, মৃত্যু তিনজন। নড়াইলে আক্রান্ত ৮২৪ জন, ঝিনাইদহে ৭৯২ জন, মাগুরায় ৫৫৩ জন এবং মেহেরপুরে ৫৯৮ জন। এসব জেলায় যথাক্রমে মৃত্যু শূন্য, দুই, শূন্য ও শূন্য।
সাতক্ষীরা জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৯৮ জন, মারা গেছেন একজন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১৯ জন; সেখানে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। কুষ্টিয়ায় আক্রান্ত ৮৪৮ জন, মৃত্যু একজন। চুয়াডাঙ্গায় আক্রান্ত ২৮২ জন, মৃত্যু একজন।