/ তেরখাদার ৬ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাপ

তেরখাদার ৬ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাপ

দিন তারিখ ঘোষণা না হলেও ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা, মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতা বৃদ্ধি

মফিজুল ইসলাম জুম্মান, নিজস্ব সংবাদদাতা, তেরখাদা(খুলনা) : দিন তারিখ ঘোষণা না হলেও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার তেরখাদা উপজেলার ৬টি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা এখন তুঙ্গে। নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান তৈরী করতে সম্ভাব্য প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিজ নিজ এলাকায় ছুটে বেড়াচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে ধর্ণা দিচ্ছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, খোঁজখবর নিচ্ছেন সাধারণ মানুষের। করছেন মিছিল, মিটিং ও গণসংযোগ। পাশাপাশি ভোটের সমর্থন আদায়ে পুরোনো আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। সম্ভাব্য প্রার্থীদের অনেকে ইতোমধ্যে সংশ্লিষ্ট ইউনিয়নের বিভিন্ন স্থানে প্যানাপ্লেক্স, শুভেচ্ছা পোস্টারসহ নানা প্রচার সামগ্রী স্থাপন ও প্রর্দশন করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে প্রচার প্রচারণা।


সূত্রে জানা গেছে, বিএনপি থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীরা দলীয় মনোনয়ন পেতে জোর তৎপরতা চালাচ্ছেন। উপজেলার প্রতিটি ইউনিয়নেই দলটির একাধিক সম্ভাব্য প্রার্থী নিজেদের অবস্থান তুলে ধরতে মাঠে ময়দানে কাজ করছেন। দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা, সাধারণ ভোটারদের সাথে মতবিনিময়, কুশল বিনিময়, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে জনসমর্থন বাড়ানোর চেষ্টা করছেন তারা। এদিকে বিএনপি এবং জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীদের মাঠ পর্যায়ে সক্রিয় দেখা যাচ্ছে। তেরখাদা উপজেলার হাটবাজার, হোটেল রেস্তোরা, চায়ের দোকানগুলোতেও নির্বাচন নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা।

সকাল থেকে গভীর রাত পর্যন্ত এসব আলোচনা ও সম্ভাব্য প্রার্থীদের চুলচেরা বিশ্লেষণে মেতে উঠেছে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক কর্মী সমর্থকরা। কে হবেন কোন্ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, কার জনপ্রিয়তা কেমন এবং কাকে মনোনয়ন দেয়া হবে- এসব প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এদিকে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের বিষয়টি কিছুটা এগিয়ে থাকলেও বিএনপির পক্ষ থেকে এখনও প্রার্থী চুড়ান্ত হয়নি।

বিএনপি থেকে যারা ৬ইউনিয়নে দৌড়ঝাপ দিচ্ছেন এরা হলেন, ১নং আজগড়া ইউনিয়নে শেখ জাহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার লিটন মোল্লা, মোঃ জাহাঙ্গীর আলম, আবুল কালাম লস্কর, ইউসুুফ আলী শেখ, মোঃ ইলিয়াজ মোল্যা ও খান আল আমিন শেখ, ২নং বারাসাত ইউনিয়নে মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, মোঃ মিল্টন হোসেন মুন্সী, মোল্যা হুমায়ুন কবির, কিসমাতুল গনি আরজু, মোঃ পলাশ শেখ, মোঃ মোবাস্বার আলম, মোঃ আলমগীর হোসেন, বিপ্লব কবির জনি ও তারেক রেজা, ৩নং ছাগলাদাহ ইউনিয়নে এস এম এমদাদুল হক, মোঃ মাঞ্জুর হাসান দারু, কে এম মোস্তাক আহমেদ, কে এম রাকিবুল ইসলাম, মোঃ আল মাহমুদ, ৪নং সাচিয়াদহ ইউনিয়নে খান গিয়াস উদ্দিন, আব্দুল হক সিকদার, মামুন সিকদার, এবিএম আলমগীর সিকদার, আলী ইমরাজ জুয়েল ও নিয়ামুল হক জুয়েল, ৫নং তেরখাদা ইউনিয়নে চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সরদার আব্দুল মান্নান, মোল্যা মাহবুবুর রহমান, মোঃ গোলাম মোস্তফা ভুট্টো, মোঃ বিল্লাল হোসেন, শেখ আজিজুর রহমান, এস এম মহিবুল্লাহ, রাজু চৌধুরী, শামীম আহমেদ রমিজ উদ্দিন, জাহিদুল ইসলাম ও মোঃ রাজু শেখ এবং ৬নং মধুপুর ইউনিয়নে এড. শহীদুল ইসলাম, সাইফুল ইসলাম মোড়ল, খাকি মাসুদুর রহমান, মোঃ সিরাজুল ইসলাম, আব্দুল হাই শেখ ও মোঃ নজরুল ইসলাম। জামায়াতে ইসলামী থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে এবং যারা মাঠে কাজ করছেন এরা হলেন, আজগড়া ইউনিয়নে মাস্টার সেখ হাফিজুর রহমান, বারাসাত ইউনিয়নে আল আমিন অপু, ছাগলাদাহ ইউনিয়নে মাস্টার আহসান হাবিব লুনা, তেরখাদা ইউনিয়নে মু. নাহিদ হাসান, মধুপুর ইউনিয়নে মাওলানা শাহজাহান আলী।

সাচিয়াদহ ইউনিয়নে এখনও প্রার্থী চুড়ান্ত হয়নি বলে দলীয় সূত্রে জানা গেছে। অপরদিকে স্বতন্ত্র বা অন্য কোনো দলের প্রার্থীদের এখনও প্রচার প্রচারণা পরিলক্ষিত হয়নি। অনেকেই বলছেন, বিএনপির মনোনয়ন চুড়ান্ত হলে নির্বাচনী লড়াই শুরু হবে।