/ প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে প্রস্তুতি

প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে প্রস্তুতি

অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ জেলা প্রশাসনের

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর ঘিরে নগরীর সৌন্দর্যবর্ধন, যানজট নিরসন ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ ছাড়া অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় মোবাইল কোর্টের মাধ্যমে এসব স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত।


গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত অফিসে উপস্থিতি নিশ্চিত করতে হবে। অপ্রয়োজনীয় নৈমিত্তিক ছুটি নেওয়ার প্রবণতা কমাতে হবে। একই সঙ্গে নগরীর সৌন্দর্যবর্ধনে সড়ক ও সরকারি ভবনে রং করা এবং বৃক্ষরোপণের উদ্যোগ নিতে হবে। যানজট ও জনদুর্ভোগ এড়াতে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
সভায় প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে বিভিন্ন দপ্তরের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। গাড়ি রিকুইজিশন, বিশ্রামস্থল ও হেলিপ্যাড প্রস্তুত, অ্যাম্বুলেন্স ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা, বিদ্যুৎ ও জেনারেটরের ব্যবস্থা, অগ্নিনির্বাপণ প্রস্তুতি এবং নিরাপত্তা পাস সরবরাহসহ সংশ্লিষ্ট কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়।


সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক মো. আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) খুলনার পরিচালক আহমেদ কবীর, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রেজাউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্রসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।-তথ্য বিবরণী।।