খুলনার খালিশপুর নিউ হাউজিং কলোনিস্থ দারুল মুকাররম মাদ্রাসা পরিদর্শন ও সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র মনজুর ইসলাম মঞ্জু।
সোমবার (২৫ মে) মাদ্রাসায় এসে তিনি প্রতিষ্ঠানের শায়খুল হাদিস ও মুহতামিম মুফতি জিহাদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মসজিদ-মাদ্রাসার সার্বিক উন্নয়ন, দ্বীনি শিক্ষার প্রসার, এলাকার কল্যাণ এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে মেয়র মনজুর ইসলাম মঞ্জু মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ও দ্বীনি খেদমতের ভূয়সী প্রশংসা করেন। তিনি ভবিষ্যতে মসজিদ-মাদ্রাসার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন।
মুফতি জিহাদুল ইসলাম মাদ্রাসার বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং এলাকার ধর্মীয় ও সামাজিক উন্নয়নে প্রতিষ্ঠানটির ভূমিকা সম্পর্কে মেয়রকে অবহিত করেন।
এ সময় মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা মাদ্রাসা ও এলাকার উন্নয়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
উপস্থিত বক্তারা বলেন, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় ও সুসম্পর্ক এলাকার সার্বিক উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।