স্টাফ রিপোর্টার : দখল ও দূষণে মৃতপ্রায় খুলনার ময়ূর নদে প্রাণ ফেরাতে সচেতনামূলক কর্মসূচির অংশ হিসেবে প্রথমবারের মতো ভেলা বাইচের আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকালে কেডিএর ময়ূরী সেতু থেকে দুই কিলোমিটার ভাটিতে এই বাইচ অনুষ্ঠিত হয়।
খুলনা দিবস উপদযাপনের অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি, নগর সামাজির সাংস্কৃতিক কেন্দ্র, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), সমাজ ও পরিবেশ উন্নয়নে একটি গবেষণামূলক আন্দোলন (সিয়াম), হেলদি সিটি ফোরাম, একটিভ সিটিজেন প্লাটফর্ম, আব্বাস উদ্দিন একাডেমি, বিডি ক্লিন সহ বিভিন্ন সংস্থা যৌথভাবে এ আয়োজন করে। এতে দুটি ভাগে ১৬টি ভেলা অংশ নেয়। নদী পাড়ে দাড়িয়ে অসংখ্য মানুষ এই বাইচ উপভোগ করেন।
আয়োজকরা জানান, দূষিত ও মৃতপ্রায় ময়ূরী নদের নাব্যতা ফিরিয়ে আনা, নদীতে পলিথিনসহ সব ধরনের বর্জ্য ফেলা বন্ধ করা এবং নদীর দুই পাড়ে সবুজায়নের মাধ্যমে একটি নির্মল পরিবেশ গড়ে তোলার আহ্বান জানাতে ভেলা বাইচের আয়োজন করা হয়েছে। আগামী ২৫ এপ্রিল খুলনা দিবস। দিবসটি পালনের অংশ হিসেবে খুলনার হারানো ঐতিহ্য ফেরাতে এই সচেতনামূলক বাইচ অনুষ্ঠিত হয়।
বাইচে প্রথম পুরষ্কার লাভ করেন তেরখাদার মনিরুল ইসলাম ও তার দল, দ্বিতীয় হন খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন বন্ধনের পক্ষে অহিদুল আলম এবং তেরখাদার আল আমিন শেখ ও তার দল তৃতীয় স্থান লাভ করেন। বিচারক ছিলেন কুয়েটের অধ্যাপক তুষার কান্তি রায়, সিটি কর্পোরেশনের সাবেক শিক্ষা কর্মকর্তা এস কে তাছাদুজ্জামান, রোটারিয়ান আল জামাল ভূঁইয়া, এডভোকেট এস এম মারুফ আহম্মদ ।
বিকাল ৪টায় খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আয়োজনের উদ্বোধন করেন। তিনি বলেন, খুলনাকে বাঁচাতে হলে খুলনাকে সুস্থ নগর হিসেবে গড়ে তুলতে হলে ময়ূর নদী বাঁচানোর বিকল্প নাই। আমাদের সকলের সহযোগিতায় এই ময়ূর নদীকে বাঁচিয়ে তুলতে হবে যাতে করে নগরবাসী চিত্ত বিনোদনের সুযোগ পায় নগর পর্যটন গড়ে ওঠে। যারা এই নদীতে অবৈধভাবে দখল করে রেখেছে অথবা অবৈধ বাধ দিয়েছে, সকল বাঁধ উপড়ে ফেলতে হবে।
উন্নয়ন কমিটির যুগ্ম আহবায়ক ও ভেলা বাইচের আহবায়ক মোল্লা মারুক রশীদের সভাপতিত্বে ও মনিরুজ্জামান রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উন্নয়ন কমিটির সিনিয়র সহ সভাপতি নিজামুর রহমান লালু, মহাসচিব এ্যাড.শেখ হাফিজুর রহমান, বেলার সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, সিয়ামের নির্বাহী পরিচালক মাসুম বিল্লাহ, আরাফাত আবাসিক শান্তি-শৃঙ্খলা কমিটির সভাপতি আবদুল বারেক মোল্লা, অ্যাক্টিভ সিটিজেন প্লাটফর্মের সভাপতি শেখ ওমর ফারুক কচি প্রমূখ।