বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার ষাট গম্বুজ ইউনিয়নের গুদারা খালে দীর্ঘদিন ধরে স্থাপিত অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে স্থানীয়দের অংশগ্রহণে এ কার্যক্রম সম্পন্ন হয়।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি মহল খালটি দখল করে বাঁধ দিয়ে মাছ চাষ করছিল, ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছিল। এতে কৃষিজমিতে সেচ সংকট দেখা দেয় এবং চাষাবাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল।
এদিকে, প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ খনন কার্যক্রম চলমান থাকলেও বাঁধ অপসারণে বাধা সৃষ্টি করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়।
পরবর্তীতে স্থানীয়দের দাবির মুখে এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ-এর সহযোগিতায় বাঁধটি অপসারণ করা হয়।
বাঁধ অপসারণের পর খালের পানি চলাচল স্বাভাবিক হবে এবং কৃষিকাজে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন স্থানীয়রা। একই সঙ্গে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং খালসহ প্রাকৃতিক জলাধারগুলো উন্মুক্ত রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।