আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে শিশু-কিশোরদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। তিনি মনে করেন, একটি সুস্থ দেহ ও সুন্দর মনের বিকাশে সৃজনশীল কর্মকাণ্ডের কোনো বিকল্প হতে পারে না।
গতকাল শুক্রবার খালিশপুর বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় হুইপ বকুল বলেন, “মাদককে না বলে শিক্ষার্থীদের হাতে কলম তুলে নিতে হবে।” তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে থেকে শিক্ষার আলোয় জীবন গড়ার আহ্বান জানান তিনি।
খুলনা-৩ নির্বাচনী এলাকার সীমাবদ্ধতা ও সম্ভাবনা তুলে ধরে তিনি উল্লেখ করেন যে, এই অঞ্চলের একটি বড় অংশ এখনো দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। তাদের জীবনমান উন্নয়নে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে পর্যায়ক্রমে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। বিশেষ করে খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা এলাকায় দল-মত নির্বিশেষে উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা, খুলনা অঞ্চলের উপ-পরিচালক মো: কামরুজ্জামান, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, বিএনপি নেতা চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, হাবিব বিশ্বাস এবং বিপ্লবুর রহমান কুদ্দুসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে দিনের শুরুতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)-এর সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হুরে জান্নাত। অনুষ্ঠান শেষে হুইপ বকুল বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।-খবরঃ বিজ্ঞপ্তির।