/ নয় মাসে বিভাগের ১০ জেলায় ডেঙ্গু আক্রান্ত ১৩ হাজার ১৬৩, মৃত্যু ৪৬ ২৪ ঘন্টায় আক্রান্ত ২৬৪

নয় মাসে বিভাগের ১০ জেলায় ডেঙ্গু আক্রান্ত ১৩ হাজার ১৬৩, মৃত্যু ৪৬ ২৪ ঘন্টায় আক্রান্ত ২৬৪

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ কমার লক্ষণ নেই। প্রতিদিনই নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ২২১ এবং বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ জন। তবে এ সময়ে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর খবর নেই। স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালকের কার্যালয়ের গতকাল মঙ্গলবারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ১৬৩ জনে। এর মধ্যে ১১ হাজার ৬৬৭ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ১ হাজার ১৩৪ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৬ জনের। এ ছাড়া ৩১৬ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।


সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তিতে এগিয়ে খুলনা ও যশোর। খুলনা জেলায় মেডিকেল কলেজ হাসপাতাল বাদে নতুন ভর্তি হয়েছেন ৯৯ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৫৬ এবং বেসরকারি হাসপাতালে ৪৩ জন। চলতি বছর জেলায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৯২ জন। বর্তমানে চিকিৎসাধীন ৪৪১ জন। মৃত্যু হয়েছে ১৬ জনের। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ৩৬০ জন এবং ১৭৫ জনকে রেফার করা হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেও ডেঙ্গু রোগীর চাপ রয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ৪২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছর এ হাসপাতালে মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৭৮ জন। বর্তমানে ভর্তি আছেন ২২৩ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৪৩১ জন।


যশোরে গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ৬০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছর জেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩০৯ জন। বর্তমানে চিকিৎসাধীন ১২৪ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে দু’জনের। সুস্থ হয়েছেন ১ হাজার ১৬২ জন এবং ২১ জনকে রেফার করা হয়েছে।
বাগেরহাটে নতুন রোগী ভর্তি না হলেও পরিস্থিতি পুরোপুরি স্বস্তিদায়ক নয়। চলতি বছর জেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৯৮ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি ১৬৪ জন। মৃত্যু হয়েছে তিনজনের। সুস্থ হয়েছেন ১ হাজার ৬৩৯ জন এবং ৯২ জনকে রেফার করা হয়েছে।


সাতক্ষীরা জেলায় গত ২৪ ঘণ্টায় ১৩ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন নতুন রোগী ভর্তি হয়েছেন। জেলায় চলতি বছর আক্রান্ত ৩৪৫ জন; বর্তমানে চিকিৎসাধীন ৩৩ জন। মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৫৯ জন, বর্তমানে ভর্তি ২২ জন। সাতক্ষীরায় এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর তথ্য নেই।
ঝিনাইদহে নতুন ১৫ জনসহ মোট আক্রান্ত ৩৩৫ জন। বর্তমানে চিকিৎসাধীন ৩০ জন। নড়াইলে নতুন ছয়জনসহ আক্রান্ত ৪৬৫ জন; হাসপাতালে ভর্তি ১৭ জন। কুষ্টিয়ায় নতুন ছয়জনসহ মোট আক্রান্ত ২৯৭ জন; চিকিৎসাধীন ২১ জন। চুয়াডাঙ্গায় নতুন ১০ জনসহ আক্রান্ত ৯৯ জন; বর্তমানে ভর্তি ১৩ জন। মেহেরপুরে নতুন সাতজনসহ মোট আক্রান্ত ২১৪ জন; চিকিৎসাধীন ২৫ জন। মাগুরায় নতুন রোগী না থাকলেও বর্তমানে ২১ জন চিকিৎসাধীন।