/ বাগেরহাট জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগ ঘিরে উত্তেজনা

বাগেরহাট জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগ ঘিরে উত্তেজনা

চাকরি ফেরতের দাবিতে অবস্থান কর্মসূচি

বাগেরহাট ব্যুরো
বাগেরহাটের ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং কর্মী নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে| দীর্ঘদিন ধরে কর্মরত ৬৬ জন কর্মীকে বাদ দিয়ে নতুন করে ৯৪ জনকে নিয়োগ দেওয়ার অভিযোগ তুলে চাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলনে নেমেছেন চাকরিচ্যুত কর্মীরা|


বুধবার (১ জুলাই) সকাল থেকে আন্দোলনকারীরা হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন| এ সময় তারা প্রশাসনিক কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন| দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা|
আন্দোলনরত কর্মীদের ভাষ্য, সরকারি আউটসোর্সিং নীতিমালা অনুসরণ না করে দীর্ঘদিন দায়িত্ব পালনকারী ৬৬ জন কর্মীকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে| তাদের পরিবর্তে নতুন করে ৯৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে, যা স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়নি বলে অভিযোগ করেন তারা|
তাদের দাবি, হাসপাতালের বিভিন্ন বিভাগে দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর কোনো ধরনের পূর্ব নোটিশ বা গ্রহণযোগ্য কারণ ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছে| এতে তারা ও তাদের পরিবার চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন| তাই পুরোনো কর্মীদের পুনর্বহাল এবং নতুন নিয়োগ প্রক্রিয়া পুনর্মূল্যায়নের দাবি জানান আন্দোলনকারীরা|


আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন কর্মী বলেন, এই চাকরির ওপরই তাদের পরিবারের জীবিকা নির্ভরশীল| চাকরি হারানোর ফলে ৬৬টি পরিবার আর্থিক সংকটে পড়েছে| অনেকের সন্তান স্কুল-কলেজে পড়াশোনা করছে| আয়ের পথ বন্ধ হয়ে গেলে সংসার পরিচালনার পাশাপাশি সন্তানদের লেখাপড়া চালিয়ে নেওয়াও কঠিন হয়ে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন|


আন্দোলনকারীরা জানান, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা চান না| তবে দ্রুত কার্যকর উদ্যোগ না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও তারা সতর্ক করেন|


এদিকে স্থানীয় সচেতন মহলের কয়েকজন প্রতিনিধি বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার আহ্বান জানিয়েছেন| তাদের মতে, দীর্ঘদিন কর্মরত ব্যক্তিরা হঠাৎ কর্মহীন হয়ে পড়লে শুধু তাদের পরিবার নয়, সামগ্রিক সামাজিক পরিস্থিতিতেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে| তাই আইন ও মানবিকতা বিবেচনায় সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন|


এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার বলেন, আউটসোর্সিং নিয়োগসংক্রান্ত বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন| আদালতের চূড়ান্ত নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে| আদালতের সিদ্ধান্তের বাইরে হাসপাতাল কর্তৃপক্ষের নিজ¯^ভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন|


ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে|