/ খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২২৪, হামে ১০৩ জন

খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২২৪, হামে ১০৩ জন

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে ডেঙ্গু ও হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৩ জন। তবে এই সময়ে ডেঙ্গু ও হামে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালকের দপ্তর প্রকাশিত পৃথক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ৬৬৪ জন। এ সময়ে মারা গেছেন ৮৫ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২২ হাজার ১৯৬ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৯৩০ জন।গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ২২৪ জনের মধ্যে সরকারি হাসপাতালে ১৯৪ এবং বেসরকারি হাসপাতালে ৩০ জন চিকিৎসা নিচ্ছেন।
জেলাভিত্তিক হিসাবে খুলনায় সর্বোচ্চ ৬২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া যশোরে ২৯, বাগেরহাটে ২৬, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় ১৯ জন করে, মেহেরপুরে ১৩, সাতক্ষীরা ও মাগুরায় ৯ জন করে, নড়াইলে ৩ এবং চুয়াডাঙ্গায় একজন নতুন রোগী ভর্তি হয়েছেন।
বিভাগীয় হিসাবে ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন খুলনায়। এ জেলায় চলতি বছরে মোট ৮ হাজার ৯০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ৬৮ জন। বাগেরহাটে আক্রান্ত ২ হাজার ৯৪৭ জন এবং মৃত্যু ৮ জন। যশোরে ২ হাজার ৪০৯ জন আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। এ ছাড়া সাতক্ষীরায় ৮৩৭, ঝিনাইদহে ৮৩৫, নড়াইলে ৮৩৮, কুষ্টিয়ায় ৯০৫, মাগুরায় ৫৯২, চুয়াডাঙ্গায় ২৯১ এবং মেহেরপুরে ৬৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে নতুন করে ১০৩ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৫ জন। নতুন করে সন্দেহজনক বা নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। নিশ্চিত হাম রোগীও শনাক্ত হয়নি।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত বিভাগে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৮২৭। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ৩৯০ জন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৫ হাজার ৮৬১ জন। সন্দেহজনক হামে এ পর্যন্ত ৫৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৪৯৬ জন। তবে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
গত ২৪ ঘণ্টায় খুলনায় ২১ জন, কুষ্টিয়ায় ২০, মাগুরায় ১৮, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে ১২ জন করে, নড়াইলে ১০, বাগেরহাটে ৮ এবং মেহেরপুরে ২ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যশোর ও সাতক্ষীরায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর হিসাবে কুষ্টিয়া শীর্ষে রয়েছে। জেলাটিতে রোগীর সংখ্যা ৩ হাজার ৭৩২। এরপর খুলনায় ৩ হাজার ২০৮, মাগুরায় ২ হাজার ৬০৪, ঝিনাইদহে ১ হাজার ৩৪৪, বাগেরহাটে ১ হাজার ৩১২, নড়াইলে ১ হাজার ২২৯, যশোরে ১ হাজার ৮, মেহেরপুরে ৯২৫, চুয়াডাঙ্গায় ৮৪১ এবং সাতক্ষীরায় ৬২৪ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি খুলনায় ৩১ জন। কুষ্টিয়ায় ২১, ঝিনাইদহে ৫, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।
অন্যদিকে নিশ্চিত হাম রোগীর সংখ্যা সবচেয়ে বেশি মাগুরায় ১২৮ জন। এ ছাড়া নড়াইলে ৮৫, বাগেরহাটে ৭৪, খুলনায় ৫৯, যশোরে ৫৮, সাতক্ষীরায় ৪২, কুষ্টিয়ায় ২৩, ঝিনাইদহে ১৭ এবং মেহেরপুরে ১০ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। চুয়াডাঙ্গায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি।