খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সংগঠনটির নেতারা বলেছেন, প্রতিদিন কোথাও না কোথাও খুনের ঘটনা ঘটছে। এতে আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে খুলনা। অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে খুলনা মহানগর ও জেলা কমিটির উদ্যোগে আহছান উল্লাহ কলেজে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় বক্তারা বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করা হলে দেশে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হতো। গণতন্ত্রের স্বার্থে অবিলম্বে এ দুটি বিষয় বাস্তবায়নের দাবি জানান তাঁরা।
খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বক্তারা আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম ব্যর্থতায় নগরবাসী আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। পরিস্থিতির উন্নতি না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
এরই ধারাবাহিকতায় আগামী ২০ নভেম্বর সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর দপ্তরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। পরে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হবে বলে সভায় জানানো হয়।
সুজন জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট কুদতর ই খুদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আহছান উল্লাহ কলেজের অধ্যক্ষ জাকির হোসেন। জেলা কমিটির সম্পাদক এসএম সোহরাব হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন নগর কমিটির সম্পাদক এসকেএম তাছাদুজ্জামান, নিজাম উর রহমান লালু, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, আব্দুল হালিম, শেখ আইনুল হক, সৈয়দ আলী হাকিম, অ্যাডভোকেট মামুনর রশীদ, খলিলুর রহমান সুমন, মাহবুবুল হক, শ্যামল কুমার রায় ও বনানী সুলতানা ঝুমুসহ অন্যরা।
উল্লেখ্য, ২০০২ সালের ১২ নভেম্বর সুজনের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে দেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।-খবর ঃ বিজ্ঞপ্তির।।