খুবি প্রতিনিধি :খুলনা বিশ্ববিদ্যালয়ে খুলনা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা(কুসাক) এর উদ্যেগে এক প্রীতি ম্যাচে ব্রাজিল টিমকে ৬-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।
বৃহস্পতিবার (২ জুলাই ) রাত ৯ টায় খুলনার প্রথম অত্যাধুনিক কৃত্রিম ঘাসের (আর্টিফিশিয়াল গ্রাস) মাঠ খুলনা টার্ফে এই খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলার শুরুতে ব্রাজিল টিমের প্লেয়াররা ভালো পারফরম্যান্স দেখালেও পরবর্তীতে খেলার মোড় ঘুরে যায়। ক্রমাগত আর্জেন্টিনার আক্রমণে টিম ব্রাজিল দিশেহারা হয়ে পড়ে।হাফ টাইমের পূর্বে তিনটা গোল দিতে সক্ষম হয় টিম আর্জেন্টিনা। বিপরীতে টিম ব্রাজিল একটা গোল দেয়।হাফ টাইমের পরবর্তীতে মাশরাফি ও মেহেদী মাসুদের গোলে সমতায় ফেরে টিম ব্রাজিল। কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনার প্লেয়ারদের তীব্র আক্রমণে আরো তিনটা গোল হয়।টিম ব্রাজিলকে ৬-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন আর্জেন্টিনা।
কুসাকের সভাপতি সাকিব শাহারিয়ার হাফিজ বলেন ,”ব্যস্ত একাডেমিক জীবনের ক্লান্তি দূর করতে এবং শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাঠের এই প্রতিযোগিতা আমাদের মধ্যকার ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। চুয়াডাঙ্গা থেকে আগত খুলনা বিশ্ববিদ্যালয়ের এই তরুণ শিক্ষার্থীরা আগামী দিনে শুধু খেলার মাঠেই নয়, বরং শিক্ষা ও সামাজিক ক্ষেত্রেও চুয়াডাঙ্গার নাম উজ্জ্বল করবে।”
ব্রাজিল টিমের অধিনায়ক মেহেদী মাসুদ বলেন,
“খেলায় জয় পরাজয় থাকবে এটাই নিয়ম।আমরা খেলার মাধ্যমে এত মানুষ একত্রিত হয়েছি এটাই বড় আনন্দের বিষয়।টিম ব্রাজিলকে জেতানোর জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু দুর্ভাগ্যবশত জয়লাভ করতে পারেনি।টিমের অন্যান্য সদস্যরা ভালো খেলেছে বিশেষ করে মাশরাফির পারফরম্যান্স অনেক ভালো ছিল “।
আর্জেন্টিনা টিমের অধিনায়ক কনক আহমেদ তুহিন বলেন,”একটি সফল টুর্নামেন্ট আয়োজন প্রমাণ করে আমাদের শিক্ষার্থীদের সাংগঠনিক দক্ষতা কতটা চমৎকার। মাঠের এই সৌহার্দ্যপূর্ণ লড়াই শুধু চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মাঝেই নয়, বরং পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ইতিবাচক বার্তা ছড়াবে। এই খেলায় জয়লাভে জন্য আর্জেন্টিনার প্লেয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।প্লেয়ারদের অক্লান্ত চেষ্টায় আমরা জয়লাভ করেছি।বিশেষ করে আসিফ আর আবুর খেলা ছিল চোখে পড়ার মতো”।
উক্ত খেলায় উপস্থিত ছিলেন কুসাকের অনেক সিনিয়র এবং জুনিয়র সকলে খেলাটি দারুণ ভাবে উপভোগ করে।দুই টিমের সমর্থকরা তাদের প্লেয়ারদের উৎসাহিত করার বিভিন্নভাবে চেষ্টা করে।