/ নগরীতে ১০ম শ্রেণির শিক্ষার্থীর পায়ে গুলি

নগরীতে ১০ম শ্রেণির শিক্ষার্থীর পায়ে গুলি

স্টাফ রিপোর্টার : খুলনার রূপসা বেড়িবাঁধ এলাকায় বাসার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইতি (১৫) নামে দশম শ্রেণির এক ছাত্রীর পায়ে গুলি করেছে দুর্বৃত্তরা| গতকাল শুক্রবার মাগরিবের আজানের পর ভৈরব নদীর ঘাট সড়ক এলাকায় এ ঘটনা ঘটে| গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে|


আহত ইতি রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী| তিনি জুলফিকার রহমানের মেয়ে| স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি কেএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান আশিকের বোন|


পরিবারের সদস্যরা জানান, কোচিং শেষে বাসার সামনে বান্ধবীদের সঙ্গে কথা বলছিল ইতি| এ সময় দুই থেকে তিনটি মোটরসাইকেলে হেলমেট পরা কয়েকজন ব্যক্তি সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে| একটি গুলি তার বাম পায়ের উরুতে লাগে| পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায়|


স্থানীয়রা আহত ইতিকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন| পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়|


পরিবারের দাবি, হামলাকারীদের কাউকে তারা শনাক্ত করতে পারেননি| তারা সবাই হেলমেট পরিহিত থাকায় তাদের চেহারা দেখা সম্ভব হয়নি|
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গুলিবিদ্ধ ছাত্রীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে| তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে|


খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে| বিষয়টি তদন্ত করা হচ্ছে| কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এবং কী কারণে গুলি করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে|