/ খুলনা আলিয়া মাদ্রাসাকে সরকারি করার দাবি

খুলনা আলিয়া মাদ্রাসাকে সরকারি করার দাবি

খুলনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খুলনা আলিয়া কামিল মাদ্রাসাকে সরকারি করার দাবি জানিয়েছেন নাগরিক সংগঠনের নেতারা| তাদের দাবি, দক্ষিণাঞ্চলের অন্যতম প্রাচীন এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে| প্রতিষ্ঠানটির উন্নয়ন ও শিক্ষার মান আরও বাড়াতে দ্রুত সরকারি করা প্রয়োজন|


গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর কার্যালয়ে আয়োজিত এক সভায় এ দাবি জানানো হয়| সংগঠনের সভাপতি ডা. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং মো. জামাল মোড়লের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়|


সভায় বক্তারা বলেন, ১৯৫২ সালের ২ এপ্রিল প্রতিষ্ঠিত মাদ্রাসাটি ১৯৬৬ সালে সরকারি অনুমোদন লাভ করে| বর্তমানে ৫ একর ৩৯ শতক জমির ওপর গড়ে ওঠা প্রতিষ্ঠানটিতে ৫টি একাডেমিক ও আবাসিক ভবন রয়েছে| এখানে প্রায় ৩ হাজার ৫০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে|


বক্তারা আরও বলেন, ইবতেদায়ি থেকে কামিল পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু থাকা এ প্রতিষ্ঠানটি খুলনা অঞ্চলে দ্বীনি শিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে| দাখিল ও আলিম পরীক্ষার ফলাফলেও প্রতিষ্ঠানটির ধারাবাহিক সুনাম রয়েছে| সভায় বক্তারা প্রতিষ্ঠানটিকে সরকারি করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন|


এ সময় বক্তব্য দেন মো. সিরাজ উদ্দিন সেন্টু, মো. জাহাঙ্গীর চৌধুরী টিপু, তালুকদার মো. হেলালুজ্জামান, মো. কামরুল ইসলাম কামু, এস এম সোহরাব হোসেন, মো. মনিরুজ্জামান, মো. শফিকুর রহমান, মাহাবুবুর রহমান খোকনসহ অন্যরা|-খবর ঃ বিজ্ঞপ্তির ॥