রিপন হোসেন সাজু, নেহালপুর (মনিরামপুর) : যশোরের মনিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের পারখাজুরা বাওড়ে শাপলা ফুল তুলতে যেয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা সম্পর্কে চাচাতো ভাই-বোন। শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হাজরাকাটি গ্রামের মোঃ অলিয়ার রহমানের ৬ বছর বয়সী মেয়ে ইয়াসমিন এবং মফিজুর রহমানের ১০ বছর বয়সী ছেলে জিসান। স্থানীয়রা জানান, দুপুরে ইয়াসমিন ও জিসান একসঙ্গে পারখাজুরা বাওড়ে শাপলা ফুল তুলতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে ডুবে যায়।
বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে যেয়ে তাদের উদ্ধার করে। পরবর্তীতে তাদের নিকটস্থ কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন । একই পরিবারের চাচাতো ভাই-বোন দুই শিশুর একসঙ্গে পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় হাজরাকাটি গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় শিক্ষক আহাদ আলী ও শোহান খান।