/ রেডিয়েন্ট জুট মিলের লিজ বাতিলসহ ৬দফা দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

রেডিয়েন্ট জুট মিলের লিজ বাতিলসহ ৬দফা দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

খুলনা মহানগরীর খালিশপুরে রেডিয়েন্ট জুট মিলে বকেয়া মজুরি ও বোনাস পরিশোধ, ২০১৫ সালের শ্রম আইন অনুযায়ী মজুরি নির্ধারণ, লিজ প্রথা বাতিল করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মিল চালুসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


গতকাল শুক্রবার বিকেল ৫টায় বিআইডিসি সড়কের পিপলস গোলচত্বরে জাতীয়তাবাদী পাট শ্রমিকদল খুলনা অঞ্চলের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।


সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাবেক খালিশপুর জুট মিল বর্তমানে লিজগ্রহীতা রেডিয়েন্ট জুট মিলের কর্মকর্তারা সামান্য ত্রুটি পেলেই শ্রমিকদের ছাঁটাই করছেন এবং মারমুখী আচরণ করছেন। এছাড়া শ্রম আইন লঙ্ঘন করে বেতন নির্ধারণ ও ঈদ বোনাস থেকে বঞ্চিত করার কারণে শ্রমিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
বক্তারা আরও জানান, বিভিন্ন সময়ে শ্রমিকদের দাবি ও কর্মকর্তাদের আচরণ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আগামীকাল রোববারের মধ্যে মিল কর্তৃপক্ষের কাছে দেওয়া অভিযোগ ও ৬ দফা দাবি বাস্তবায়ন না হলে উৎপাদন বন্ধ রেখে কঠোর আন্দোলনের ঘোষণা দেন শ্রমিক নেতারা।
সমাবেশে সভাপতিত্ব করেন পাট শ্রমিকদল আঞ্চলিক কমিটির আহ্বায়ক আবু দাউদ দ্বীন মোহাম্মদ এবং সঞ্চালনা করেন শ্রমিক নেতা মনির হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।-

এছাড়াও বক্তব্য দেন খুলনা বিভাগীয় খাদ্য পরিবহন সড়ক পথ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়ন কবির, জাতীয়তাবাদী পাট শ্রমিকদলের সহ-সভাপতি আবুল কালাম জিয়া, শ্রমিক নেতা আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর ফরাজী, মো. সেলিম, মো. সোবাহান, জাহাঙ্গীর হোসেন, আব্দুল মালেক, লতিফ কাজী, মো. মনির হোসেন, মো. রুবেল, উজ্জ্বল, মো. দুখু মিয়া, আবুল কালাম, এখলাছ, মো. আরমান, মো. শামীম ও মো. নাঈম প্রমুখ।

সমাবেশ থেকে লিজ প্রথা বাতিল করে সরকারের তত্ত্বাবধানে সকল বন্ধ মিল চালুর দাবি জানানো হয়। পাশাপাশি মিলের ভেতরে বড় গাছ কেটে পাচার, যন্ত্রপাতি চুরি এবং সরকারি সম্পদ লুটপাটের অভিযোগ তুলে এসব ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান শ্রমিকরা।