নিজস্ব প্রতিনিধি, মোংলা(বাগেরহাট) : সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধান জাহাঙ্গীর কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড। ১৩ সদস্যের সশস্ত্র এ ডাকাত গ্রুপটি দীর্ঘদিন ধরে সুন্দরবন উপকুলীয় অঞ্চলে জেলে ও বনজীবিদের অপহরন করে মুক্তিপন আদায় সহ চাঁদাবাজি করে আসছিল।
মঙ্গলবার সকাল ১১ টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সুন্দরবন অঞ্চলে ডাকাত ও বনদস্যু গ্রুপ গুলোর তৎপরতা দমনে কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে বিশেষ অভিযান চলছে। “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” -এর আওতায় গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন কালীর খাল এলাকায় মঙ্গলবার মধ্যরাতে কোস্ট গার্ড অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান মোঃ জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে আটক করা হয়। এ সময় বনের গহীনে তল্লাশী করে ২ টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজসহ জব্দ করা হয়।
আটক ডাকাত বাহিনী প্রধান মোঃ জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীর (৫৬) নড়াইল জেলার নড়াগাতী থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ এ বাহিনীর প্রধান হিসেবে সুন্দরবনে ডাকাতি এবং সাধারণ জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। তার দলে ১৩ জন সক্রিয় সদস্য রয়েছে বলে কোস্টগার্ডের জিঞ্জাসাবাদে স্বীকার করে সদস্য গ্রুপটির এ প্রধান নেতা। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদসহ তাকে কে বিকালে খুলনার জেলার দাকোপ থানায় হস্তান্তর করা হয়।