দেশে একদিনে ৯ জনের মৃত্যু, খুলনায় ১৪৯ রোগী
স্টাফ রিপোর্টার ঃ ডেঙ্গুতে চলতি বছরে আবারও এক দিনে ৯ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে দেশে। এর আগে গত ৮ সেপ্টেম্বরও এক দিনে ৯ জনের মৃত্যু হয়েছিল। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯০২ জন। সেপ্টেম্বর জুড়ে সংক্রমণ ও মৃত্যুর রেকর্ডের পরও অক্টোবরের শুরুতে পরিস্থিতির উন্নতি নেই। খুলনা বিভাগেও বাড়ছে রোগীর চাপ। এক দিনে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০৬ জন। শুধু খুলনা জেলার সরকারি-বেসরকারি হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ১৪৯ জন। বিভাগে মারা গেছেন আরও একজন।
স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের তিনজন, বরিশাল বিভাগের দুজন এবং চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের একজন করে রয়েছেন। মৃতদের মধ্যে পাঁচজন পুরুষ ও চারজন নারী।
এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭১ জনে। হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮ হাজার ৩৬০ জন। বর্তমানে চিকিৎসাধীন ৫ হাজার ৭৫৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৮৮ জন।
চলতি বছরের ডেঙ্গু পরিস্থিতির সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে সেপ্টেম্বরে। ওই এক মাসে মারা গেছেন ১৪৮ জন। হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ হাজার ৭৭৪ জন। বছরের প্রথম আট মাসের পরিস্থিতিকেও ছাড়িয়ে গেছে সেপ্টেম্বরের এক মাসের সংক্রমণ ও মৃত্যু।
কিন্তু সেপ্টেম্বর শেষ হওয়ার পরও সংক্রমণের গতি কমেনি। অক্টোবরের শুরুতেই এক দিনে ১ হাজার ৯০২ রোগীর ভর্তি এবং ৯ জনের মৃত্যু সেই ধারাবাহিকতারই প্রমাণ। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির হিসাবে ঢাকার দুই সিটি করপোরেশনে ৪২৯, ঢাকার বাইরের জেলাগুলোতে ৪০১, খুলনা বিভাগে ৩০৬, চট্টগ্রামে ২৭২ এবং বরিশালে ২১৬ জন ভর্তি হয়েছেন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের গতকাল সোমবারের প্রতিবেদনে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৩০৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। মারা গেছেন একজন।
শুধু খুলনা জেলার সরকারি হাসপাতালে ৫৭ এবং বেসরকারি হাসপাতালে ৪৯ জন ভর্তি হয়েছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৩ জন। সব মিলিয়ে এক দিনে খুলনা জেলায় নতুন রোগী ১৪৯ জন।
চলতি বছর খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ৭৬১ জন। সুস্থ হয়েছেন ১৩ হাজার ১০৯ জন। এখনও চিকিৎসাধীন ১ হাজার ২৪৬ জন। মৃত্যু হয়েছে ৫২ জনের। উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে ৩৫৪ জনকে।
আক্রান্তের হিসাবে খুলনা জেলা শীর্ষে রয়েছে। চলতি বছর জেলায় আক্রান্ত ৫ হাজার ৬৫৫ জন; মৃত্যু ১৯ জনের। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জানুয়ারি থেকে ভর্তি হয়েছেন ২ হাজার ৯৪৪ জন। মৃত্যু হয়েছে ২৬ জনের। গত ২৪ ঘণ্টায়ই সেখানে ভর্তি হয়েছেন ৪৩ জন।
বিভাগের অন্য জেলাতেও চাপ বেড়েছে। বাগেরহাটে এক দিনে ৬২ জন ভর্তি হয়েছেন; চলতি বছর আক্রান্ত ১ হাজার ৯৮৫ জন। বর্তমানে চিকিৎসাধীন ১৯৭। যশোরে এক দিনে ভর্তি ২৫ জন; আক্রান্ত ১ হাজার ৪৬৫ এবং মৃত্যু দুজনের। সাতক্ষীরায় সরকারি-বেসরকারি হাসপাতালে ১৭ এবং মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন ভর্তি হয়েছেন।