/ ফুলতলায় পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার

ফুলতলায় পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার

ভ্রাম্যমাণ সংবাদদাতা, ফুলতলা (খুলনা)ঃ- ফুলতলা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তাজপুর গ্রামে অভিযান চালান থানার এসআই (নি:) গোলাম মোস্তফার নেতৃত্বাধীন একটি দল। এ সময় ১৫ পিচ ইয়াবাসহ মোঃ ইসলাম শেখ (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় সাড়ে চার হাজার টাকা। আটককৃত ইসলাম শেখ তাজপুর গ্রামের মৃত হারুন শেখের পুত্র। এ ঘটনায় মামলা নং- ০৮ দায়ের করা হয়েছে। একই দিন রাত ৮টার দিকে এসআই (নি:) শফিউজ্জামানের নেতৃত্বে ফুলতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে শামীম ওসমান রাজু (২২) নামের এক ব্যক্তিকে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ হাজার টাকা। সে উপজেলার দামোদর গ্রামের বাসিন্দা আঃ জলিল ভূঁইয়ার পুত্র। এ ঘটনায় মামলা নং- ০৯ দায়ের হয়েছে। এছাড়া রাত প্রায় ৯টার দিকে এসআই (নি:) বিশ্বজিৎ পালের নেতৃত্বে উপজেলার ডাউকোনা এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিচ ইয়াবাসহ রিয়াজ সরদার (২৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় সাড়ে সাত হাজার টাকা। আটক রিয়াজ সরদার ডাউকোনা গ্রামের মো. মাহাবুর সরদারের পুত্র। এ ঘটনায় মামলা নং- ১০ দায়ের করা হয়েছে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা মাদক বিক্রয়ের উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছেন। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা প্রস্তুত করে থানায় সংরক্ষণ করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে পুলিশের তৎপরতা চলমান থাকবে।