/ খুমেক হাসপাতালের রোগীরখাবার চুরির অভিযোগে খুলনা নাগরিক সমাজের ক্ষোভ

খুমেক হাসপাতালের রোগীরখাবার চুরির অভিযোগে খুলনা নাগরিক সমাজের ক্ষোভ

সরকারি হাসপাতালের রোগীদের জন্য বরাদ্দকৃত খাবার যদি নিরাপদ না থাকে, তবে সেটি শুধু অনিয়ম নয়, মানবিকতার চরম অবক্ষয়। এমনই অভিযোগ উঠেছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এর রান্নাঘর ঘিরে। রোগীদের জন্য রান্না করা মাংস দীর্ঘদিন ধরে চুরি হচ্ছে গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদনের পর বিষয়টি নিয়ে তদন্ত ও আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছে খুলনা নাগরিক সমাজের নেতৃবৃন্দ।
সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. আ ফ ম মহসীন এবং সদস্য সচিব অ্যাড. মোঃ বাবুল হাওলাদার এক যৌথ বিবৃতিতে বলেন, বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার হাসপাতালের রান্নাঘর থেকে রোগীদের জন্য প্রস্তুতকৃত মাংস চুরির ঘটনা প্রচারিত হয়েছে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আনা হলেও দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।
বিবৃতিতে উল্লেখ করা হয়, সর্বশেষ একটি গণমাধ্যমের ভিডিও ফুটেজে রান্না করা খাবার সরিয়ে নেওয়ার দৃশ্য স্পষ্টভাবে দেখা গেছে। এতে জনমনে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নেতৃবৃন্দ আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রকাশিত ঘটনার বাইরেও আরও অনিয়ম বা চুরির ঘটনা ঘটতে পারে, যা হয়তো জনসমক্ষে আসছে না।
তারা বলেন, রোগীদের জন্য বরাদ্দকৃত খাবার আত্মসাৎ করা শুধু অনৈতিক নয়, এটি সরকারি সম্পদ পাচার ও লুটপাটের শামিল। বিশেষ করে দরিদ্র ও অসহায় রোগীরা হাসপাতালের খাবারের ওপর নির্ভরশীল। সেই খাবার চুরি হলে তাদের পুষ্টি ও সুস্থতা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।
বিবৃতিতে পূর্ববর্তী ও চলমান ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে কার্যকর মনিটরিং ব্যবস্থা জোরদারের দাবি জানানো হয়েছে।-খবর ঃ বিজ্ঞপ্তির।।