স্টাফ রিপোর্টার: খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের জামাতা ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজন (৩৫) ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারের দাবি জানিয়ে বুধবার সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।
খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিখোঁজ কাজী নিজাম উদ্দিন সুজনের বাবা কাজী আব্দুস সোবহান বলেন, তিনি খুলনা শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। গত ২১ ফেব্রুয়ারি আমার ছেলে কাজী নিজাম উদ্দিন সুজন নিজ বাসভবনে ইফতার করে। এরপর একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে সে পুলিশ লাইন মসজিদে তারাবি’র নামাজ আদায় করতে যায়।
তিনি বলেন, মসজিদে সে নামাজ আদায় করে প্রায় আধাঘণ্টা পর মসজিদ থেকে বের হয়। এরপর থেকে তার আর কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। সিসি টিভির ভিডিও ফুটেজে দেখা যায়, সে মসজিদ থেকে বের হয়ে সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে। এরপর আর তাকে দেখা যাচ্ছে না। আমরা আশপাশের অনেক সিসি টিভির ফুটেজ দেখে তার অবস্থান জানার চেষ্টা করি। কিন্তু ওই এলাকায় অনেক সিসি ক্যামেরা থাকলেও তা নষ্ট থাকায় আমরা তার পরবর্তী অবস্থান সম্পর্কে কিছুই জানতে পারিনি। মসজিদের সামনে থেকে সুজনের নিখোঁজ হয়ে যাওয়াটা খুবই রহস্যজনক।
আব্দুস সোবহান বলেন, পুলিশের কাছে বারবার গিয়েও কোন সুরাহা হয়নি। পুলিশ কমিশনার ও ওসির কাছে বারবার গিয়েছি। তারাও চেষ্টা করছে। তবে এখনো পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি। আমরা হতাশ হয়ে যাচ্ছি। কি কারনে তাকে অপহরন করা হলো সেটাও জানতে পারছি না।
এবিষয়ে খুলনা থানার ওসি কবির হোসেন বলেন, মোবাইল না থাকায় তার অবস্থান খুব সহজে নির্নয় করা যাচ্ছে না। তবে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে তাকে উদ্ধারের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আশা করছি খুব শীঘ্রই ভালো রেজাল্ট দিতে পারবো।