মহান স্বাধীনতা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে দেশপ্রেম, শৃঙ্খলা ও অদম্য চেতনায় উজ্জীবিত হয়ে খুলনায় সুন্দরবন রেজিমেন্টের তত্ত্বাবধানে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় ঐতিহ্যবাহী সরকারি ব্রজলাল কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। দেশপ্রেমে উদ্বুদ্ধ এই আয়োজন নগরবাসীর মাঝে সৃষ্টি করে এক গৌরবময় আবহ।
র্যালিতে উপস্থিত ছিলেন রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল মাসুদ রায়হান, বিএনসিসিও, টিইউও এবং সামরিক প্রশিক্ষকবৃন্দ। তাদের দিকনির্দেশনায় ক্যাডেটদের অংশগ্রহণ ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও অনুপ্রেরণাদায়ক।
ব্যান্ডের তালে তালে দীপ্ত পদক্ষেপে এগিয়ে চলা ক্যাডেটদের শৃঙ্খলা, দৃঢ়তা ও সমন্বয় র্যালিটিকে করে তোলে প্রাণবন্ত ও গৌরবময়। সুশৃঙ্খল সারিতে প্রতিটি পদক্ষেপে ফুটে ওঠে স্বাধীনতার ইতিহাস ও আত্মত্যাগের গৌরবগাথা।
সুন্দরবন রেজিমেন্টের ক্যাডেটরাই ছিল এই আয়োজনের প্রাণ। তাদের উদ্দীপনা, দায়িত্ববোধ ও দেশপ্রেম র্যালিকে এনে দেয় অনন্য মর্যাদা।
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতার চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।