স্টাফ রিপোর্টার: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসের পুকুরে ডুবে সায়েম ফেরদৌস নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের ২৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
রবিবার (১৭ মে) বিকেল আনুমানিক ৪টার দিকে কুয়েটের খানজাহান আলী হল সংলগ্ন পুকুরে সাঁতার কাটতে গিয়ে তিনি পানিতে ডুবে যান।
সহপাঠীরা জানানা, খবর পেয়ে আনুমানিক ২০-৩০ মিনিট পর ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুরো ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।