/ দাকোপে ২ আসামি ছিনিয়ে নেওয়ার পর আবার ফেরত

দাকোপে ২ আসামি ছিনিয়ে নেওয়ার পর আবার ফেরত

নিজস্ব সংবাদদাতা, দাকোপ(খুলনা) : উপজেলার খোনা গ্রামে মাছের ঘের দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আটক দুই যুবককে র‌্যাব-৬ এর কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। তাদের নাম মুকুন্দ মন্ডল ও রসুল গাজী।


দুপুরে উপজেলা সদর আচাভুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে র‌্যাব সদস্যদের থানায় নিয়ে আসে।


অবশ্য এ ঘটনার কয়েক ঘন্টা পর স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ওই যুবককে র‌্যাবের কাছে ফিরিয়ে দেন বলে জানা গেছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পানখালী ইউনিয়নের খোনা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বেড়িবাঁধের বাইরে প্রায় ৪০ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে আব্দুল্লাহ ফকির, বাবলু সানা ও সাজ্জাদ হোসেন সরদার মাছ চাষ করে আসছিলেন। সম্প্রতি ওই ঘেরের দখল নিয়ে স্থানীয় মুকুন্দ মন্ডল, বাচ্চু ফকির ও রসুল গাজী গংদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।


এর জেরে গত ১৬ মে সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জসিম মোল্যা (৩২), হাফিজুর মোল্যা (৪০), আবু মুসা শেখ (৩১), জাফর সরদার (৩১) ও সাজ্জাদ হোসেন সরদার (৫৪) গুরুতর আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


এ ঘটনায় আকরাম আলী ফকির বাদী হয়ে বাচ্চু ফকিরসহ ১১ জনের বিরুদ্ধে গত ২১ মে থানায় মামলা দায়ের করেন।


এদিকে, মামলাকে হয়রানিমূলক দাবি করে শনিবার সকাল থেকে খোনা, খাটাইল ও তেলিডাঙ্গা গ্রামের কয়েকশ নারী-পুরুষ আচাভুয়া বাজারে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেয়। এসময় র‌্যাব-৬ এর একটি দল মামলার এজাহারভুক্ত আসামি মুকুন্দ মন্ডল ও রসুল গাজীকে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আটক দুইজনকে গাড়িতে তুলে নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা র‌্যাবের গাড়ি ঘিরে ফেলে। একপর্যায়ে উত্তেজিত লোকজন গাড়িতে হামলা চালিয়ে আটক দুই আসামিকে ছিনিয়ে নেয়। এসময় র‌্যাবের গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ খায়রুল বাসার বলেন, “বিক্ষোভ চলাকালে র‌্যাব দুইজনকে আটক করেছিল। পরে বিক্ষোভকারীরা তাদের ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে র‌্যাব সদস্যদের থানায় নিয়ে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আসামিদের আটকের চেষ্টা চলছে।”


ঘটনার পর উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন স্থানীয় বিএনপি নেতারা। সেখানে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফ্ফর হোসেন ও সদস্য সচিব আল-আমিন সানা অভিযোগ করেন, সরকারি ও সংখ্যালঘু সম্প্রদায়ের বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তারা দাবি করেন, “আমরা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছি। তবে মিছিল থেকে লোক আটক করায় উত্তেজনা তৈরি হয়।”


সন্ধ্যায় স্থানীয় একাধিক সূত্র জানায়, ছিনিয়ে নেওয়া দু’আসামীকে বিএনপি নেতাদের মধ্যস্থতায় র‌্যাবের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। যদিও সার্বিক বিষয় নিয়ে র‌্যাবের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। বিএনপি নেতারা জানান, ছিনিয়ে নেওয়া দুই আসামীকে তাদের কাছে দেওয়া হলে তারা সন্ধ্যা সাড়ে সাতটায় তাদেরকে র‌্যাবের কাছে হস্তান্তর করেন। র‌্যাব তাদেরকে নিয়ে যায়।