স্টাফ রিপোর্টার : জেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে কার্যকর রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠার লক্ষ্যে ব্লাস্ট খুলনা ইউনিটের প্রকাশ প্রকল্পের উদ্যোগে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। সভার মূল উদ্দেশ্য ছিল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করে একটি কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তোলা।
১৬ জুন (মঙ্গলবার) নগরীর নিরালা এলাকার তামান্না টাওয়ারে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) খুলনা ইউনিট এ সভার আয়োজন করে।
ব্লাস্টের উপদেষ্টা এ্যাড. অশোক কুমার সাহার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন এ্যাড. ফাতেমা খন্দকার রিমা।
সভায় সমাজসেবা অধিদপ্তর, ভিকটিম সাপোর্ট সেন্টার, মহিলা বিষয়ক অধিদপ্তর, জেজেএস, দলিত, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি, বাংলাদেশ মহিলা পরিষদ, প্রান্তজসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
সভাপতির বক্তব্যে এ্যাড. অশোক কুমার সাহা বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠী নানা ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়। ন্যায়বিচার ও সেবা পেতেও তাদের নানা বাধার মুখে পড়তে হয়। এসব সমস্যা সমাধানে ডিলাক, ওসিসি ও ভিএসসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় আরও বাড়ানো প্রয়োজন।
সভায় হিজড়া সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। তাদের অধিকার ও সেবা প্রাপ্তির বিষয়েও মতবিনিময় করা হয়। নারী নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ রোধে করণীয় নিয়েও আলোচনা করা হয়।
এছাড়া সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন সেবা সম্পর্কে তথ্য তুলে ধরা হয়। এসব সেবা প্রান্তিক মানুষের কাছে আরও সহজে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়লে প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা সহজ হবে।