পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ টানা বৃষ্টিতে সাতক্ষীরার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র পাটকেলঘাটা বাজারের বলফিল্ড-সংলগ্ন সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে| প্রায় ৫০০ গজ দীর্ঘ সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও জলাবদ্ধতার কারণে ছোট যানবাহন, ভ্যান, মোটরসাইকেল এমনকি পথচারীদের চলাচলও চরম দুর্ভোগের মুখে পড়েছে| প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা|
সরেজমিনে দেখা গেছে, বলফিল্ড বাসস্ট্যান্ড মোড় থেকে উত্তর বলফিল্ড মোড় পর্যন্ত সড়কটির অধিকাংশ অংশে পিচ ও ইটের খোয়া উঠে গেছে| প্রায় ২২ বছর আগে সর্বশেষ সড়কটিতে কার্পেটিং করা হলেও এরপর আর বড় ধরনের সংস্কার হয়নি| বর্তমানে সড়কটি বড় বড় গর্তে ভরা, যা বৃষ্টির পানিতে ডুবে থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে|
এ সড়কের দুই পাশে কাঁচাবাজার, মুরগির আড়ত, ইলেকট্রনিকস শোরুম, রড-সিমেন্টের ব্যবসাপ্রতিষ্ঠান, রাইস মিলসহ অসংখ্য বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে| প্রতিদিন হাজারো মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন এই সড়ক ব্যবহার করলেও দীর্ঘদিন ধরে এটি সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা| স্থানীয় দোকানদার ও পথচারীরা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় পড়ে থাকলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি| দ্রুত সড়কটি সংস্কার করা না হলে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়বে|
এ বিষয়ে সরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ মাসুদ রানা বলেন, ‘সড়কটি সংস্কারের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি| বর্ষা মৌসুম শেষ হওয়ার পর সংস্কারকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে|’ স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা দ্রুত সড়কটি পুনর্নির্মাণ বা সংস্কারের দাবি জানিয়েছেন|