/ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পুর্বাঞ্চল ডেস্ক : নানা কর্মসূচির মধ্য দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী এসব কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ, জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, প্রয়াত নেতাদের কবর জিয়ারত এবং বিশেষ দোয়া ও মোনাজাত।

বাগেরহাট ব্যুরোঃ বাগেরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের থানার মোড়ের দলীয় কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে দিনের কর্মসূচি শুরু হয়। পরে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে শহরের প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এছাড়া কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।

বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এম মুজিবুর রহমান, অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দ্বীপু ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্যসচিব মোজাফফর রহমান আলম।

এ ছাড়া বিএনপি নেতা কামরুল ইসলাম গোরা, শমসের আলীমোহন, শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহমেদ মালেকসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

নিজস্ব প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)ঃ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোংলায় গাছের চারা রোপণ ও মাছের পোনা অবমুক্ত করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন তিনি। পরে ওই পুকুর পাড়েই একটি গাছের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলামসহ অন্যান্যরা।
এ সময় পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করেন। দলের কর্মী হিসেবে এই দিনে দলের প্রতিষ্ঠাতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাছের পোনা অবমুক্ত ও গাছের চারা রোপণ করা হয়েছে।

তিনি বলেন, প্রত্যেকটি কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই জনপদ এগিয়ে যাবে। মৎস্য সম্পদ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মানুষের আমিষের চাহিদা মেটাচ্ছে। পাশাপাশি গাছপালা লাগানোর অঙ্গীকার করতে হবে। সারা বাংলাদেশজুড়ে এখন বৃক্ষরোপণের মহোৎসব চলছে। এই দিনে এ কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বিএনপির প্রত্যেক নেতাকর্মীকে গাছ রোপণ ও পরিচর্যার পাশাপাশি জলাশয়ে মাছের চাষ করার আহ্বান জানান।

এরপর পরিবেশ প্রতিমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। তাঁর নেতৃত্বে মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বর থেকে র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আবাটো শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে গিয়ে র‌্যালি শেষ হয়।
র‌্যালি ও আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, বিএনপি নেতা শেখ রুস্তুম আলী, নাসির তালুকদার, গোলাম নুর জনি, বাবলু ভূইয়া ও মোস্তাফিজুর রহমান জনি।

যশোর ব্যুরোঃ যশোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর পাঁচ দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। পরে জেলা বিএনপির নেতাকর্মীরা শহরের কারবালা কবরস্থানে গিয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমেদ সিদ্দিকীসহ প্রয়াত নেতৃবৃন্দের কবর জিয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য মিজানুর রহমান খান, আব্দুস সালাম আজাদ, এ কে শরফুদ্দৌলা ছোটলু, অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল, নগর বিএনপির সাবেক সভাপতি মারুফুল ইসলাম, বর্তমান সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আজম, জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্যসচিব শাহনেওয়াজ ইমরানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যশোর জেলা বিএনপি দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে।
নিজস্ব সংবাদদাতা, নেহালপুর (মনিরামপুর)ঃ নদীতে মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার মধ্য দিয়ে যশোরের মনিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে হরিহর নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করা হয়।

এ উপলক্ষে বিকেলে জেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপির সহসভাপতি জিএম মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মফিজুর রহমান।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যশোর জেলা বারের সাধারণ সম্পাদক এম এ গফুর, উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, মোতালেব গাজী, যুগ্ম সম্পাদক শামছুজ্জামান শান্ত, নাজমুল হক লিটন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কার সিদ্দিক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সন্তোষ স্বর, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শাহীন, শাহিনুর রহমান শাহীন, কুলটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, সদস্যসচিব সাইদুর ইসলাম, যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, মিজানুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা মইনুল ইসলাম মইন, রফিকুল ইসলাম প্রমুখ।

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের ঝিকরগাছায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল। এ সময় নেতাকর্মীদের মধ্যে দলীয় ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ ঘটে।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন এবং দেশের মানুষের অধিকার আদায়ে দলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন।


কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও মহিলা সংসদীয় আসন-৩১৪-এর সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নি, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জননেতা মোর্তজা এলাহী টিপু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জননেতা ইমরান হাসান সামাদ নিপুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার দিন নয়; এটি দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামেরও স্মারক। জনগণের পাশে থেকে দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন তারা।

কুষ্টিয়া প্রতিনিধিঃ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেলা বিএনপির আয়োজনে র‌্যালিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে র‌্যালিতে অংশগ্রহণ করেন।
কুষ্টিয়া পৌর চত্বর থেকে শুরু হয়ে বর্ণাঢ্য র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।


র‌্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় এমপি আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমি, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন ও সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন।

এ সময় জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং দলের ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার ভোর ৬টায় বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে বেলা ১১টায় র‌্যালি শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমতের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও চেম্বার অব কমার্সের সভাপতি গাজী অহিদুজ্জামান লাভলু, সদর থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সুমন খান, যুবদলের আহ্বায়ক, সদস্যসচিব, ছাত্রদলের আহ্বায়ক, সদস্যসচিবসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিজস্ব সংবাদদাতা, ভাণ্ডারিয়া (পিরোজপুর): গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি বলেছেন, বিগত সরকার ১৭ বছরে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। বর্তমান সরকার ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নে সপ্তাহের সাত দিনই সরকার নিবেদিত হয়ে কাজ করছে।


মঙ্গলবার দুপুরে ভাণ্ডারিয়া পৌরসভা মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গত ছয় মাসে দুস্থ ভাতা, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। সরকারের লক্ষ্য দেশের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন করা।

জুলাই আন্দোলনের শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে বিএনপির অনেক নেতাকর্মীকে প্রাণ দিতে হয়েছে। জনগণের ভোট বিপ্লবের মাধ্যমে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেশে গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে।

ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল, পৌর বিএনপির আহ্বায়ক আ. মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব ও সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মল্লিক জোমাদ্দার।


আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে শহরের প্রধান সড়কগুলোতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে কলাপাড়া পৌরসভা প্রাঙ্গণ থেকে র‌্যালি বের করা হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

র‌্যালিতে শত শত নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বিভিন্ন স্লোগান দেন। নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।

অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, গাজী মো. গোলাম সরোয়ার, জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, বিএনপি নেতা কামরুজ্জামান কাজল তালুকদার, অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার ও যুবদল নেতা নাসির উদ্দিন আহমেদ রতন।

বক্তারা বিএনপিকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে মাঠে কাজ করার আহ্বান জানান। পরে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। র‌্যালিতে জিয়াউর রহমান ও তারেক রহমানের খাল খননের প্রতীকী দৃশ্যাবলী প্রদর্শন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেছেন, দেশের ক্রান্তিলগ্নে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন। দেশে ও বিদেশে এ দলের বিরুদ্ধে বহুবার ষড়যন্ত্র হয়েছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই কাজে আসেনি। সকল বাধা-বিপত্তি মোকাবিলা করে আজও দলটি সগৌরবে টিকে আছে। দলটি এখন মাটি ও মানুষের দলে পরিণত হয়েছে। এ দলের প্রধান তারেক রহমান এখন দেশ পরিচালনা করছেন।


মঙ্গলবার দুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আনন্দ র‌্যালি শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রকিবুল ইসলাম তুষারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনাদের ধৈর্য ধারণ করতে হবে। কারণ বিএনপি বারবার ধ্বংসস্তূপ থেকে দেশকে তুলে এনেছে। ১৯৭৫ সালের দুর্ভিক্ষের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে ঘুরে দাঁড়ানোর পথ দেখিয়েছিলেন। একইভাবে বেগম খালেদা জিয়া দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন।


এর আগে সাংসদ রফিকুল ইসলাম জামালের নেতৃত্বে এক আনন্দ র‌্যালি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

নিজস্ব সংবাদদাতা, নড়াগাতী (কালিয়া): নড়াইলের নড়াগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে পালিত হয়েছে। নড়াগাতী থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ৮টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে বক্তব্য দেন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক ডা. বুলবুল কবির।

নড়াগাতী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক সারাফত হোসেন সবোর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা বিএনপির সহসভাপতি মো. জাফর মোল্লা, স্বেচ্ছাসেবক সম্পাদক আলহাজ্ব মো. কোবাদ শিকদার, কোষাধ্যক্ষ খান আবুল হোসেন ও সহ-কোষাধ্যক্ষ বিএম নজরুল ইসলাম কাবুল।

এ ছাড়া নড়াগাতী থানা যুবদলের সদস্যসচিব চৌধুরী সাকায়েত হোসেন ঝুনু, যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলাম এবং নড়াগাতী থানা মহিলা দলের আহ্বায়ক মল্লিক নাদিরা হক জোসনাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে দলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও আলোচনা সভার মধ্য দিয়ে নড়াগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হয়।