স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক ডা. দেওয়ান আব্দুর রহিম বলেছেন, যাচাই না করে দুর্বল হাদিস প্রচার করা থেকে বিরত থাকতে হবে। তিনি বলেন, দুর্বল বা ভুল তথ্য প্রচারের ফলে ধর্মীয় বিষয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। তাই হাদিসের বিশুদ্ধতা যাচাই করে তা মানুষের কাছে তুলে ধরতে হবে।
শনিবার সকালে নিজখামারস্থ আল মাহাদ আস সালাফীতে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস, খুলনা জেলার উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস, খুলনা জেলার সভাপতি মাওলানা মো. জুলফিকার আলীর সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন খুলনা জেলার সেক্রেটারি মুহাম্মদ মইনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক ড. ওসমান গণি, সহসভাপতি অধ্যাপক আহমাদ আলী ও সহ সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক ড. রবিউল ইসলাম।
অধ্যাপক ডা. দেওয়ান আব্দুর রহিম বলেন, কোরআন ও সহিহ হাদিসের শিক্ষা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সভা, খুতবা, লেখালেখি ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করা প্রয়োজন। ধর্মীয় জ্ঞান শুধু ব্যক্তিগত আমলের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজে এর সঠিক শিক্ষা ছড়িয়ে দিতে হবে।
তিনি আরও বলেন, ধর্মীয় চর্চায় যুক্ত বিভিন্ন বিষয় সময়ের সঙ্গে যাচাই-বাছাই করা প্রয়োজন। কোরআন ও বিশুদ্ধ হাদিসের ভিত্তিতে সঠিক আমল প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। ধর্মীয় বিষয়ে অযথা গোঁড়ামি না করে কোরআন ও সহিহ হাদিসের নির্দেশনা অনুসরণ করা উচিত। পাঁচ ওয়াক্ত নামাজ, পবিত্রতা ও নৈতিক জীবনযাপনের ওপরও তিনি গুরুত্ব দেন।
তিনি বলেন, কোরআন ও বিশুদ্ধ হাদিসের শিক্ষা ছড়িয়ে দিতে সৎ ও নেককার মানুষের সঙ্গে মেলামেশা করতে হবে। এ প্রসঙ্গে হজরত ইউসুফ (আ.) এর একটি দোয়ার কথা উল্লেখ করে নেককারদের অন্তর্ভুক্ত হওয়ার আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন তিনি।
কর্মশালায় কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। তিলাওয়াত করেন হাফেজ বায়েজিদ শেখ। বক্তৃতা করেন জেলা কমিটির দাওয়াহ ও তাবলিগ বিষয়ক সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, জেলা কমিটির সহসভাপতি শাইখ মোহাম্মাদ আরাফাত মাদানী, জেলা কমিটির শুব্বান বিষয়ক সম্পাদক শাইখ মোস্তফা কামাল, খুলনা জেলা জমঈয়তে শুব্বানে আহলে হাদীসের আহ্বায়ক শাইখ তাজিবুল ইসলাম ও আল মা’হাদ আস সালাফীর মুহাদ্দিস শাইখ ফয়সাল মাদানী ।
হামদ-নাত পরিবেশন করেন আল মা’হাদ আস সালাফীর শিক্ষার্থী মুহাম্মদ আব্দুল্লাহ আল আবিদ।