নিজস্ব প্রতিবেদক, কচুয়া (বাগেরহাট:) বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের ঘোনারহুলা এলাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. আলী শিমুল (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার আশরাফ শিকদারের ছেলে। ১৫ অক্টোবর ২০২৬ তারিখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েক দিন আগে আলী শিমুল জ্বর ও শরীর ব্যথায় আক্রান্ত হন। প্রাথমিক চিকিৎসার পর পরীক্ষা-নিরীক্ষায় তাঁর শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর এই অকাল মৃত্যুতে পরিবার ও পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এদিকে, বাগেরহাটের কচুয়াসহ আশপাশের এলাকায় ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছে, ডেঙ্গু প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বাসাবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশার উৎপত্তিস্থল ধ্বংস করা এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।