/ সরকারের ব্যর্থতায় খুলনা এখন সন্ত্রাসের অভয়ারণ্য

সরকারের ব্যর্থতায় খুলনা এখন সন্ত্রাসের অভয়ারণ্য

ঝালকাঠি যুব আন্দোলনের সম্মেলনে ফয়জুল করীম

খুলনার মতো দেশের অন্যতম বিভাগীয় শহরে গত ১০ মাসে ৭৬টি খুনের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেছেন, প্রকাশ্যে কুপিয়ে মানুষ হত্যা করা হচ্ছে। সরকারের সামগ্রিক ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আত্মতৃপ্তিতে ভুগছেন। এভাবে চলতে থাকলে রাষ্ট্র ও সরকারের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাবে।


গতকাল শনিবার ঝালকাঠি শহরের কলেজ রোডস্থ চড়ুইভাতি কমিউনিটি সেন্টারে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার ষষ্ঠ জেলা যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা সভাপতি হাফেজ মাওলানা মুফতি নাঈমুল ইসলামের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফয়জুল করীম বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশ প্রশাসন ঘুরে দাঁড়াতে না পারায় দেশে মাদকের বিস্তার ও বেকারত্বের কারণে সন্ত্রাস বেড়েছে। অপরাধের পর অপরাধীরা গ্রেপ্তার না হওয়া, গ্রেপ্তার হলেও সহজে জামিনে মুক্তি পাওয়া এবং পুরোনো সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে নতুন নতুন নেটওয়ার্ক গড়ে ওঠাও পরিস্থিতির অবনতির কারণ। এসব কারণ বিশ্লেষণ করলে সব দায় সরকারের ওপরই বর্তায়।


সরকারের উদ্দেশে তিনি বলেন, সরকার পরিচালনা মানে শুধু ক্ষমতা ভোগ করা নয়; এর অর্থ দায় ও দায়িত্ব নেওয়া। সেই দায়িত্ব নিতে হবে। সমস্যাকে স্বীকার করে সমাধানের উদ্যোগ নিতে হবে।
তিনি আরও বলেন, নীতির পরিবর্তন না হলে পরিস্থিতির পরিবর্তন হয় না জাতি ইতোমধ্যে তার প্রমাণ পেয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানসহ এ পর্যন্ত তিনটি সরকার দেশ পরিচালনা করেছে। কিন্তু কেউই মানুষের সমস্যার সমাধান করতে পারেনি। কারণ, সবাই মানুষের মনগড়া নীতিতে দেশ শাসন করেছে। তাঁরা মহান আল্লাহর দেওয়া শরিয়াহ অনুসারে দেশ পরিচালনা করতে চান। ইসলাম অনুসারে রাষ্ট্র পরিচালিত হলেই মানুষের সমস্যার প্রকৃত সমাধান সম্ভব।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ আল-আমিন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা সভাপতি হাফেজ মুহাম্মাদ আলমগীর হোসেন, জেলা সেক্রেটারি মুহাম্মাদ মনির হোসেন খান, ইসলামী যুব আন্দোলনের জেলা উপদেষ্টা মুহাম্মাদ কামাল হোসেন তালুকদার, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি অধ্যাপক মুহাম্মাদ মনিরুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মুহাম্মাদ আব্দুল কুদ্দুস এবং ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুহাম্মাদ ওয়ালিউল্লাহ সরদার।-খবর ঃ বিজ্ঞপ্তির।।