/ সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ না হলে কঠোর আন্দোলন

সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ না হলে কঠোর আন্দোলন

নগর জামায়াতের কর্মপরিষদ বৈঠকে আবুল কালাম আজাদ এমপি

খুলনায় সন্ত্রাস, চাঁদাবাজি ও হত্যাকাণ্ড বন্ধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো মূল্যে সন্ত্রাস ও চাঁদাবাজদের রুখে দেওয়া হবে। অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে খুলনার অবহেলিত ও নির্যাতিত সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। জনগণের অধিকার ও নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে রাজপথে নামতেও পিছপা হবেন না তাঁরা।


গতকাল শনিবার সকালে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর কর্মপরিষদ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মাওলানা আবুল কালাম আজাদ বলেন, খুলনার ব্যবসায়ী সমাজ আজ সর্বস্বান্ত হওয়ার পথে। শুধু রাজপথ বা অলিগলি নয়, ব্যবসাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও রেস্টুরেন্টের মতো জনগুরুত্বপূর্ণ সেবাপ্রতিষ্ঠানেও হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হচ্ছে। দেশের অর্থনৈতিক মেরুদণ্ড সচল রাখা ব্যবসায়ী, পেশাজীবী ও সাধারণ মানুষ একশ্রেণির দুর্বৃত্ত ও চাঁদাবাজের হাতে জিম্মি হয়ে পড়েছেন। সাধারণ মানুষ মুক্তভাবে শ্বাস নিতে পারছে না। খুলনার মানুষ বাঁচতে চায়, শান্তি ও নিরাপত্তা চায়। তাই অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি রোধ এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করতে হবে।
তিনি বলেন, খুলনার মাটি ও মানুষের নিরাপত্তা আজ বিপন্ন। চোখের সামনে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড, কোপাকুপি ও চাঁদাবাজির মহোৎসব চলছে। যে মানুষ শান্তিতে বসবাস করতে চেয়েছিল, তারা এখন চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। মানুষের মৌলিক অধিকার, জীবনের নিরাপত্তা এবং ব্যবসা-বাণিজ্যের পরিবেশ ধ্বংসের মুখে। পরিসংখ্যান অনুযায়ী, শুধু চলতি বছরেই খুলনায় রাজনীতিক ও ব্যবসায়ীসহ ৭৮ জন খুন হয়েছেন। এ রক্তপাত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটি সভ্য সমাজে দিনের পর দিন এভাবে মানুষ খুন হতে পারে না।


সরকার ও প্রশাসনের সমালোচনা করে জামায়াতের এ নেতা বলেন, আইনশৃঙ্খলা রক্ষার মূল দায়িত্ব যাদের ওপর ন্যস্ত, সেই বর্তমান সরকার ও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া কোনো সরকারের দায়িত্বশীল আচরণ হতে পারে না। সরকারের চরম উদাসীনতা ও ব্যর্থতার কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। সাধারণ মানুষের ধৈর্যেরও সীমা আছে। জনগণ আর কতকাল এ নৈরাজ্য সহ্য করবে?
তিনি দলমত নির্বিশেষে খুলনার শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ করে নৈরাজ্য ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রস্তুতি নিতে দায়িত্বশীলদের প্রতি উদাত্ত আহ্বান জানান।


খুলনা মহানগরী জামায়াতের আমীর মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য দেন অধ্যাপক নজিবুর রহমান, এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, এডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম ফারাজী, ড. আবু রুবাবা, মাওলানা আবু বকর সিদ্দিক, আ ন ম আব্দুল কুদ্দুস, মীম মিরাজ হোসাইন, মুকাররম বিল্লাহ আনসারী, অধ্যাপক জুলফিকার আলী, মাওলানা শাহারুল ইসলাম, মাওলানা শেখ মো. অলিউল্লাহ, অধ্যাপক মো. ইকবাল হোসাইন, এডভোকেট শফিকুল ইসলাম লিটন, মুহাম্মাদ আব্দুল গফুর, মো. আনিসুর রহমান ও মুশাররফ আনসারী প্রমুখ।-খবর ঃ বিজ্ঞপ্তির।।