/ ১৯দিন বন্ধ থাকা পর নগরীতে পুলিশ প্রহরায় খুলেছে ফার্মেসী

১৯দিন বন্ধ থাকা পর নগরীতে পুলিশ প্রহরায় খুলেছে ফার্মেসী

স্টাফ রিপোর্টার: খুলনা নগরীর টুটপাড়া এলাকায় চাঁদাবাজির ভয়ে বন্ধ হয়ে যাওয়া চয়নিকা ফার্মেসি পুলিশ প্রহরায় অবশেষে খুলেছে। গত ২৬ অক্টোবর চাঁদা দাবির ঘটনায় নিরাপত্তাহীনতার কারণে ফার্মেসিটি বন্ধ করে দেন মালিক। ঘটনার ১৯ দিন পর শনিবার সন্ধ্যার পর পুলিশি প্রহরায় আবারও চালু করা হয়েছে প্রতিষ্ঠানটি।


স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ অক্টোবর চাঁদা দাবিকে কেন্দ্র করে চয়নিকা ফার্মেসির কার্যক্রম বন্ধ হয়ে যায়। চাঁদাবাজির হুমকি ও নিরাপত্তাহীনতার কারণে মালিকপক্ষ ফার্মেসিটি বন্ধ রাখতে বাধ্য হন। এতে ওই এলাকার নিয়মিত ওষুধ ক্রেতাদেরও ভোগান্তিতে পড়তে হয়।
শনিবার সন্ধ্যার পর পুলিশি নিরাপত্তার মধ্যে ফার্মেসিটি পুনরায় খোলা হয়। এ সময় ফার্মেসির নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকজন পুলিশ সদস্য সেখানে উপস্থিত ছিলেন।


খুলনায় চাঁদা দাবিকে কেন্দ্র করে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অস্ত্রের মুখে ভয়ভীতি প্রদর্শনের ঘটনা থামছে না। একের পর এক হামলার শিকার হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার, প্যাথলজি ও রেস্টুরেন্টসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। কোথাও চাইনিজ কুড়াল নিয়ে ঢুকে তাণ্ডব চালানো হচ্ছে, কোথাও গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে, আবার কোথাও চিকিৎসকদের অস্ত্রের মুখে ভয়ভীতি দেখানো হচ্ছে। গত ৩০ দিনে নগরীর অন্তত ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠানে এ ধরনের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়াও শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে রয়েছে। এক মাসের ব্যবধানে ধারাবাহিক এসব ঘটনায় ব্যবসায়ী ও চিকিৎসাসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ-আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোতে প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলার ঘটনায় রোগী, স্বজন ও কর্মচারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। চাঁদা না পেয়ে কিংবা প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এসব হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে। তবে একের পর এক ঘটনার পরও অপরাধীদের দৌরাত্ম্য বন্ধ না হওয়ায় নগরীর ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।


এসব বিষয় নিয়ে খুলনা থানার ওসি লোকমান হোসেন বলেন, আমরা ব্যবসায়ীসহ সাধারণ মানুষের সহযোগিতা চাই। প্রতিষ্ঠানটির মালিকের সাথে একাধিকবার কথা বলেছি। তাদের অভয় দিয়েছি। এরপরও তারা ভয় পাচ্ছিলো। পরে নিরাপত্তা নিশ্চিতের জন্য পাহারার ব্যবস্থা করেছি। এরপর তারা প্রতিষ্ঠানটি চালু করেছে।