স্টাফ রিপোর্টার : দোয়া মাহফিলসহ নানা আয়োজনের মধ্যদিয়ে গতকাল শুক্রবার (১৪ আগষ্ট) আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল বাদ জুম্মা পিরোজপুরের আল্লামা সাঈদী ফাউন্ডেশন সংলগ্ন জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় মোনাজাত করেন সাঈদীপুত্র শামীম সাঈদী। সাঈদীপুত্র মাসুদ সাঈদী এমপিসহ এসময় মরহুমের পরিবারের সদস্যবৃন্দ, স্থানীয় ও দেশের বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লীরা দোয়ায় অংশ নেন।
দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আল্লামা সাঈদীর দুই ছেলে শামীম সাঈদী ও মাসুদ সাঈদী এমপি। তাঁরা তাঁদের পিতার জীবন, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড এবং তাঁর রেখে যাওয়া আদর্শ নিয়ে কথা বলেন।
শামীম সাঈদী বলেন, তাঁর পিতা মানুষের কল্যাণে কাজ করেছেন এবং ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে দিতে সারা জীবন ব্যয় করেছেন। তাঁর মৃত্যুবার্ষিকীতে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে মানুষ দোয়া ও স্মরণসভা আয়োজন করছেন। পিতার জন্য মানুষের এই ভালোবাসা ও দোয়া তাঁদের পরিবারের জন্য বড় পাওয়া বলেও উল্লেখ করেন তিনি।
মাসুদ সাঈদী এমপি বলেন, আল্লামা সাঈদী ছিলেন ইসলামী বক্তা ও ধর্মীয় ব্যক্তিত্ব। তিনি তাঁর বক্তব্য ও লেখনীর মাধ্যমে মানুষের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার চর্চা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তাঁর স্মৃতি ধরে রাখতে এবং তাঁর রেখে যাওয়া আদর্শকে সামনে রেখে মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এছাড়া আল্লামা সাঈদী প্রতিষ্ঠিত খুলনা মহানগরীর সিদ্দিকীয়া মহল্লায় দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা মসজিদেও গতকাল বাদ জুম্মা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ২০২৩ সালের ১৪ আগস্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।