স্টাফ রিপোর্টার: ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ার লক্ষ্যে সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজে বিএনসিসির উদ্যোগে র্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুরুতে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। পরে ক্যাডেটরা ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান চালান। এরপর বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত থেকে দিকনির্দেশনা দেন কলেজ বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার প্রকৌশলী আসিফ সাইফ।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো জরুরি। পরিচ্ছন্ন পরিবেশ ও বৃক্ষরোপণেও তরুণদের এগিয়ে আসতে হবে। এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের দায়িত্ববোধ ও সামাজিক মূল্যবোধ বাড়ায়।
ক্যাডেট সার্জেন্ট মো. ইয়ামিনের নেতৃত্বে কর্মসূচিটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। এতে বিএনসিসি ক্যাডেটরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
আয়োজকরা জানান, পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গড়তে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।