/ তেরখাদাবাসী পল্লী বিদ্যুতের লোডশেডিং ও বাড়তিবিলে অতিষ্ঠ , ক্ষোভ বাড়ছে গ্রাহকদের

তেরখাদাবাসী পল্লী বিদ্যুতের লোডশেডিং ও বাড়তিবিলে অতিষ্ঠ , ক্ষোভ বাড়ছে গ্রাহকদের

ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীনতা, দ্বিগুণ-তিনগুণ বিলের অভিযোগ

রাসেল আহমেদ, তেরখাদা (খুলনা): তেরখাদা উপজেলায় ঘনঘন পল্লী বিদ্যুতের লোডশেডিং ও অস্বাভাবিক বিলের কারণে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে| তীব্র গরমের মধ্যে দিনের পর দিন দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ| এর পাশাপাশি বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে|

স্থানীয়দের অভিযোগ, দিন কিংবা রাত—কোনো সময়ই বিদ্যুতের পরিস্থিতি অস্বাভাবিক থাকছে না| দিনের বিভিন্ন সময়ে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না| অনেক ক্ষেত্রে টানা এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে| সামান্য ঝড়-বৃষ্টি বা বৈরী আবহাওয়া দেখা দিলেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে|


এ অবস্থায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীরা| প্রচণ্ড গরমে বিদ্যুৎ না থাকায় স্বাস্থ্যঝুকি বাড়ছে| একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে| বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যবসা-বাণিজ্য, চিকিৎসাসেবা ও দৈনন্দিন কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ছে| স্থানীয় বাসিন্দারা জানান, ঘনঘন বিদ্যুৎ আসা-যাওয়ার কারণে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে| অনেকেই ফ্রিজ, টেলিভিশন, কম্পিউটার ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হওয়ার অভিযোগ করেছেন| অন্যদিকে, বিদ্যুৎ বিল নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা| তাদের দাবি, গত বছরের তুলনায় চলতি সময়ে অনেকের বিদ্যুৎ বিল দ্বিগুণ, আবার কারও কারও ক্ষেত্রে তিন গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে| আয়-ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যহীন এ বিল পরিশোধ করতে গিয়ে চাপে পড়ছেন সাধারণ গ্রাহকরা| এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক লাইনের ওপর গাছের ডালপালা ঝুঁকে থাকায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা| দ্রুত এসব ঝুঁকিপূর্ণ গাছের ডাল অপসারণ এবং বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন তারা| স্থানীয়দের মতে, তেরখাদায় ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা জরুরি| পাশাপাশি অস্বাভাবিক বিদ্যুৎ বিলের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা|


এ বিষয়ে তেরখাদা পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (ওঅ্যান্ডএম) মো. তৌফিক ওমর বলেন, “চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ কম থাকায়লোডশেডিং হচ্ছে| বর্তমানে সারা দেশেই বিদ্যুতের ঘাটতি রয়েছে| তাই সমন্বয়ের মাধ্যমে সরবরাহ দেওয়া হচ্ছে|” তিনি আরও বলেন, আগের তুলনায় বিদ্যুতের দামও বৃদ্ধি পেয়েছে| তবে বিদ্যুৎ বিভাগের এ ব্যাখ্যায় সন্তুষ্ট নয় স্থানীয় সচেতন মহল| তাদের দাবি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব| চলমান সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন তারা|