/ বিতর্কের মঞ্চে মোহাম্মদনগরের কৃতিত্ব, দেশসেরার তালিকায় খুলনা ৪র্থ

বিতর্কের মঞ্চে মোহাম্মদনগরের কৃতিত্ব, দেশসেরার তালিকায় খুলনা ৪র্থ

লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও মেধা বিকাশে আবারও সাফল্যের স্বাক্ষর রেখেছে বটিয়াঘাটা উপজেলার মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে বিদ্যালয়টির বালক দল সারা দেশের মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের ৬৫ হাজার ৫৬৯টি প্রাথমিক বিদ্যালয়, ৪৯৫টি উপজেলা ও ৮টি বিভাগের প্রতিযোগীদের সঙ্গে অংশ নিয়ে এই কৃতিত্ব অর্জন করে খুলনা বিভাগের প্রতিনিধিত্বকারী মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বিদ্যালয়টির বালক দল উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ লাভ করে। জাতীয় পর্যায়ে শিক্ষার্থীদের যুক্তি, উপস্থাপনা, বাচনভঙ্গি ও উপস্থিত বুদ্ধিমত্তা বিচারকদের মুগ্ধ করে।

বিজয়ী দলের সদস্যরা হলো পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাইমুন, মোহাম্মদ রিশাদ, তাহালিল তোহা মাহিন এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মুহতসিম মাহদী।

এ সাফল্যে খুলনাজুড়ে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে শিক্ষার্থীদের এই অর্জন প্রশংসিত হচ্ছে। স্থানীয় শিক্ষানুরাগীরা বলেন, প্রাথমিক স্তরে এমন সাফল্য ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় অর্জনের পথ তৈরি করবে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বিতর্কসহ সৃজনশীল কর্মকাণ্ড শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উল্লেখ্য, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় অতিক্রম করে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হয়। দীর্ঘ এ প্রতিযোগিতামূলক যাত্রা শেষে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করে খুলনার মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ইতিহাস গড়েছে।