/ শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারে ওয়াইএএসডির সমন্বয় সভা

শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারে ওয়াইএএসডির সমন্বয় সভা

খুলনায় ১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতন করতে অধিবেশন আয়োজন করবে ইউথ অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ওয়াইএএসডি)। এসব অধিবেশন কীভাবে কার্যকরভাবে সম্পন্ন করা যায়, তা নিয়ে গতকাল মঙ্গলবার বিকেলে নগরের শহীদ হাদিস পার্কে সংগঠনটির সদস্যদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ওয়াইএএসডির সদস্যরা অংশ নেন। ১০টি বিদ্যালয়ের অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অধিবেশনগুলো অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনের বিষয়বস্তু নিয়ে সভায় আলোচনা হয়। কীভাবে অধিবেশন পরিচালনা করা হবে, তা নিয়েও মতামত নেওয়া হয়।

শিক্ষার্থীদের ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতন করা। ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার বিষয়েও জানানো। সাইবার হয়রানি প্রতিরোধ নিয়েও আলোচনা করা । হয়রানির শিকার হলে কী করণীয়, সে বিষয়েও শিক্ষার্থীদের সচেতনতা করার পরিকল্পনা করা হয়।

ওয়াইএএসডি খুলনার প্রকল্প ব্যবস্থাপক শাফনা আক্তার বলেন, ‘ডিজিটাল যুগে শিক্ষার্থীদের প্রযুক্তির সুফলের পাশাপাশি এর ঝুঁকি থেকে নিজেদের সুরক্ষার কৌশলও জানতে হবে। আজকের উদ্যোগের মূল লক্ষ্য আমাদের প্রজন্মকে একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ উপহার দেওয়া।’

সভায় সংগঠনের সদস্য সামিহা, ফয়সাল, ফারজানা, অনন্যা, মেহেজাবিন, নাইম ও শাওন বক্তব্য দেন। তাঁরা বিদ্যালয়গুলোতে অধিবেশনগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা করেন। এ সময় নিজেদের দায়িত্ব ও করণীয় নিয়েও মতামত দেন তাঁরা।

সভা শেষে ১০টি বিদ্যালয়ে অধিবেশনগুলো সফলভাবে সম্পন্ন করার জন্য কর্মপরিকল্পনা নেওয়া হয়।

সম্পর্কিত খবর

আরও খবর