খুলনার শিরোমণিতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর সুন্দরবন রেজিমেন্টের ব্যবস্থাপনায় ক্যাডেটদের ফায়ারিং অনুশীলন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) শিরোমণি আবাসিক এলাকায় অবস্থিত পিটিসি ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জে এ অনুশীলনের আয়োজন করা হয়।
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-এর ঐতিহ্যবাহী সুন্দরবন রেজিমেন্ট, ৫৩ বিএনসিসি ফ্লোটিলা ও ৫৮ বিএনসিসি স্কোয়াড্রনের আওতাধীন খুলনা ও যশোর অঞ্চলের ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৫১ জন এতে অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৮৩ জন পুরুষ, ৬২ জন মহিলা ক্যাডেট এবং ৬ জন বিএনসিসিও/পিইউও ছিলেন।
আয়োজকরা জানান, যারা আগে ফায়ারিংয়ের সুযোগ পাননি, তাদের অগ্রাধিকার দিয়ে দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। সুন্দরবন রেজিমেন্টের সামরিক প্রশিক্ষকদের তত্ত্বাবধানে ক্যাডেটরা অনুশীলনে অংশ নেন।
ফায়ারিং শুরুর আগে প্রশিক্ষকরা ক্যাডেটদের অস্ত্রের বিভিন্ন অংশ, অস্ত্র ব্যবহারের নিয়ম, লক্ষ্য নির্ধারণ, শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ এবং ট্রিগার প্রেসের কৌশল বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা দেন। পরে নিরাপদ পরিবেশে ক্যাডেটরা বাস্তব ফায়ারিং অনুশীলনে অংশ নিয়ে অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস অর্জন করেন।
অনুশীলনটি সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল মাসুদ রায়হান-এর সার্বিক নির্দেশনা ও নেতৃত্বে পরিচালিত হয়। এছাড়া অনুষ্ঠানটির সমন্বয় ও পরিচালনায় দায়িত্ব পালন করেন রেজিমেন্ট অ্যাডজুট্যান্ট ফ্লাইট লেফটেন্যান্ট মো. আল-নাফিউর রহমান।
সুন্দরবন রেজিমেন্ট কর্তৃপক্ষ জানায়, ক্যাডেটদের মধ্যে সামরিক শৃঙ্খলাবোধ, সাহসিকতা ও দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যে এ ধরনের বাস্তবমুখী প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিত আয়োজন করা হচ্ছে। সফলভাবে ফায়ারিং সম্পন্ন করায় ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্যাডেটদের শৃঙ্খলা ও দক্ষতার প্রশংসা করেন।