বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দপ্তরীরা তিন মাসের বকেয়া বেতন ও বোনাসের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রবিবার সকাল ১১টায় ফকিরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী দপ্তরীরা অভিযোগ করেন, গত তিন মাস ধরে তারা কোনো বেতন পাচ্ছেন না। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার যোগাযোগ করলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান মেলেনি বলে দাবি করেন তারা। এছাড়া হিন্দু সম্প্রদায়ভুক্ত কয়েকজন কর্মচারীর উৎসব ভাতা প্রদান করা হলেও পরবর্তীতে কোনো লিখিত নোটিশ ছাড়াই তা ফেরত নেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে।
১৫ নম্বর পিলজংগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী শেখ হাসিবুর রহমান বলেন, “আমরা গত তিন মাস ধরে বেতন পাচ্ছি না। অল্প কিছু টাকা বেতন পাই, সেটাও যদি বন্ধ থাকে তাহলে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, অথচ আমাদের বেতন পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। সংশ্লিষ্টদের বারবার জানিয়েও কোনো সমাধান পাচ্ছি না। অনতিবিলম্বে আমাদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবি জানাচ্ছি।”
গোয়ালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী সুজিত অধিকারী বলেন, “আমাকে উৎসব ভাতা দেওয়া হয়েছিল। কিন্তু পরে কোনো ধরনের নোটিশ ছাড়াই সেটি ফেরত নেওয়া হয়েছে। এটি সম্পূর্ণ অন্যায়।”
এ বিষয়ে ফকিরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায় জানান, বরাদ্দের ঘাটতির কারণে দপ্তরীদের বেতন আটকে রয়েছে। সমস্যা সমাধানে ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। দ্রুত বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলেও জানান তিনি।