/ ওপি কার্যক্রম বন্ধে বাগেরহাটের ৯ উপজেলা, হাসপাতালে স্বাস্থ্যসেবা সংকট

ওপি কার্যক্রম বন্ধে বাগেরহাটের ৯ উপজেলা, হাসপাতালে স্বাস্থ্যসেবা সংকট

শেখ আহমেদ তারিক,বাগেরহাট : সরকারের অপারেশন প্ল্যান (ওপি) কার্যক্রম বন্ধ থাকায় খুলনা বিভাগের বাগেরহাট জেলার ৯টি উপজেলা হাসপাতালে স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে এসব হাসপাতালের জন্য বরাদ্দকৃত যানবাহন বন্ধ থাকায় মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা কার্যত স্থবির হয়ে পড়েছে।


জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, আগে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল অফিসাররা এসব গাড়ি ব্যবহার করে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে গিয়ে সাধারণ মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতেন। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় থেকে ওপি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় যানবাহনের জ্বালানি ও রক্ষণাবেক্ষণ বাবদ বরাদ্দ বন্ধ রয়েছে। পাশাপাশি চালকদের বেতন-ভাতাও বন্ধ থাকায় তারা কাজে ফিরছেন না। এতে করে গাড়িগুলো দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে আছে।


বর্তমান পরিস্থিতিতে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তারা নিয়মিত মাঠপর্যায়ে যেতে পারছেন না। ফলে পরিবার পরিকল্পনা, টিকাদান, মা ও শিশুস্বাস্থ্যসহ গুরুত্বপূর্ণ সেবাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে তদারকি কার্যক্রমেও স্থবিরতা দেখা দিয়েছে।


বাগেরহাটের সিভিল সার্জন ডা. মাহবুবুল আলম জানান, জেলার ৯টি উপজেলার জন্য বরাদ্দকৃত সবগুলো গাড়িই বর্তমানে বন্ধ রয়েছে। চালকদের বেতন বন্ধ থাকায় তারা কাজে অনাগ্রহী হয়ে পড়েছেন। এতে করে মাঠপর্যায়ে সেবা পৌঁছানো এবং কার্যক্রম পর্যবেক্ষণ করা কঠিন হয়ে পড়েছে। দীর্ঘদিন ব্যবহারের বাইরে থাকায় যানবাহনগুলোর ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।


তিনি আরও জানান, এ পরিস্থিতির প্রভাব শুধু মাঠপর্যায়ের সেবাতেই সীমাবদ্ধ নয়, উপজেলা ও জেলা সদর হাসপাতালের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাতেও এর প্রভাব পড়ছে। উপজেলা হাসপাতাল থেকে রোগী রেফারেল বাড়লেও পরিবহন সংকটের কারণে অনেক রোগী সময়মতো উন্নত চিকিৎসা নিতে পারছেন না। মাঠপর্যায়ে রোগী শনাক্তকরণ কমে যাওয়ায় নিয়মিত কিছু সেবার প্রবাহও কমেছে।


তবে ল্যাব পরীক্ষাগুলো পুরোপুরি বন্ধ না হলেও জনবল সংকট ও তদারকির অভাবে অনেক জায়গায় পরীক্ষার গতি কমেছে। কিছু হাসপাতালে মাঝে মধ্যে নির্দিষ্ট পরীক্ষা সাময়িকভাবে বন্ধ থাকছে, বিশেষ করে টেকনিশিয়ান সংকট বা যন্ত্রপাতির ত্রুটির কারণে। একইভাবে এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাম সেবাও আংশিকভাবে চালু রয়েছে।