/ শরণখোলায় জমিজমা বিরোধে বৃদ্ধ নিহত, এলাকায় উত্তেজনা

শরণখোলায় জমিজমা বিরোধে বৃদ্ধ নিহত, এলাকায় উত্তেজনা

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আবু হানীফ হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু হানীফ হাওলাদার ওই গ্রামের আমজেদ আলী হাওলাদারের ছেলে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে প্রতিবেশী বাবুল হাওলাদারের সঙ্গে তার জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে আহত অবস্থায় রাস্তার পাশে ফেলে রাখা হয়।

স্থানীয়রা উদ্ধার করে প্রথমে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করেছে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।