বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে যুব ও প্রজনন স্বাস্থ্য অধিকার (এসআরএইচআর) বিষয়ে জেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকালে বাগেরহাটের দশানী এলাকার ধানসিঁড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
অ্যামপ্লিফাই চেঞ্জের অর্থায়নে, রেডঅরেঞ্জ বাংলাদেশের সহযোগিতায় এবং দলিত (DALIT) বাস্তবায়িত “ইয়ুথ শেয়ার-নেট” প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দলিত তরুণ-তরুণী, শিক্ষার্থী ও স্থানীয় যুব প্রতিনিধিসহ ২০ জন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলিত ইয়ুথ ফোরাম, মোংলা-বাগেরহাটের শ্যামল দাস। সঞ্চালনা করেন দলিত খুলনার ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের প্রতাপ কুমার দাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর বাগেরহাটের ফিল্ড অফিসার শারমিন আক্তার। এছাড়া প্রকল্প ব্যবস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন দলিত খুলনার ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের শাকিরুন তাহা।
ওরিয়েন্টেশন সেশনে প্রজনন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, সামাজিক সংকোচ দূরীকরণ এবং যুব নেটওয়ার্ক গঠনের গুরুত্ব তুলে ধরা হয়। আয়োজকরা জানান, অংশগ্রহণকারীদের সমন্বয়ে একটি জেলা যুব দল গঠন করা হবে, যারা পরবর্তীতে স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে।
অনুষ্ঠানে “নীরবতা ভেঙে সুরক্ষা গড়ি, শারীরিক মর্যাদায় অধিকার নিশ্চিত করি” — এই প্রতিপাদ্য বার্তা তুলে ধরা হয়।