খুলনার কয়রা উপজেলা উপজেলার বাগালি ইউনিয়নের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বামিয়া জিআইবি ক্লাব মাঠ এলাকায় গরু বোঝাই একটি ভটভটি উল্টে মিজানুর রহমান (৪০) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান উপজেলার আমাদী ইউনিয়নের ভান্ডারপোল এলাকার মাওলানা শামসুজ্জামানের একমাত্র ছেলে বলে জানা গেছে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গরু নিয়ে যাওয়ার সময় হঠাৎ গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে গাড়িতে থাকা কয়েকজন গুরুতর আহত হন। ঘটনাস্থলেই মিজানুর রহমানের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন। সেখানে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আসাদুল ইসলাম বলেন,
হঠাৎ বিকট শব্দ শুনে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি গাড়িটি উল্টে পড়ে আছে এবং কয়েকজন আহত অবস্থায় কাতরাচ্ছেন। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম( তদন্ত) বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।