/ দৌলতপুরে ঈদের কেনাকাটার ধুম, গভীর রাত পর্যন্ত উপচে পড়া ভিড়

দৌলতপুরে ঈদের কেনাকাটার ধুম, গভীর রাত পর্যন্ত উপচে পড়া ভিড়

দৌলতপুর খুলনা প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা সামনে রেখে খুলনার দৌলতপুর এলাকার মার্কেট, শপিংমল ও ফুটপাতজুড়ে এখন বইছে কেনাকাটার উৎসব। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে দৌলতপুর বাজার।

২৪ ও ২৫ শে মে (রবি-সোমবার)দৌলতপুর এলাকার হকার্স মার্কেট ও আশপাশের বিপণিবিতানগুলো সরজমিনে ঘুরে এই চিত্র দেখা যায়। পরিবারের সবার জন্য নতুন পোশাক, জুতা, কসমেটিকস ও ঈদের নানা সামগ্রী কিনতে ছুটছেন নানা বয়সী মানুষ।বিশেষ করে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের বেতন-বোনাস হাতে পাওয়ার পর বাজারে ক্রেতার চাপ কয়েকগুণ বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

গতকাল সোমবার (২৫ মে) দুপুরের পর থেকে রাত পর্যন্ত মার্কেটগুলোতে দেখা যায় উপচে পড়া ভিড়। নারী ও শিশুদের পোশাকের দোকানগুলোতে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গেছে। থ্রি-পিস, গাউন, লেহেঙ্গা, পাঞ্জাবি ও শিশুদের রঙিন পোশাকের চাহিদা এবার বেশি।

দৌলতপুর বাজারের ব্যবসায়ীরা জানান, এবারের ঈদ বাজারে দেশীয় পোশাকের পাশাপাশি পাকিস্তানি ও ভারতীয় ডিজাইনের পোশাকও ক্রেতাদের আকর্ষণ করেছে।দৌলতপুর এলাকার বিভিন্ন মার্কেট ও শপিংমল গুলো যেমন – ডি কে শপিং, মোল্লা কমপ্লেক্স, মোর্তজা মেনশন, রেলওয়ে মার্কেট,মনা কমপ্লেক্স, নিশাত কমপ্লেক্স, ডলার গার্মেন্টস, রিক ফ্যাশন,ওয়েলকাম বাজার, ভিআইপি সুজ, জে কে শপিং, শীতল গার্মেন্টস, আঁচল গার্মেন্টস, জাকের বস্ত্রালয় এইসব মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।তরুণীদের পছন্দের তালিকায় রয়েছে জর্জেট, অর্গাঞ্জা ও ফারসি গাউন।

অন্যদিকে তরুণদের মধ্যে পাঞ্জাবি ও আধুনিক ডিজাইনের টি-শার্টের চাহিদা বেশি।অন্যদিকে রেলওয়ে মার্কেটসহ বাজার ঘুরে দেখা যায়, ফুটপাতের দোকানগুলোতেও ক্রেতাদের ভিড় কম নয়। তুলনামূলক কম দামে পোশাক পাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ ফুটপাতমুখী হচ্ছে। অনেক দোকানে বিশেষ ছাড় ও অফারের ঘোষণা দেওয়া হয়েছে ক্রেতা টানতে।


দৌলতপুরের ক্রেতা আব্দুর রহিম জানান, “বছরে ঈদই একমাত্র সময়, যখন পরিবারের সবাইকে নিয়ে আনন্দের কেনাকাটা করা হয়। দাম কিছুটা বেশি হলেও সন্তানের মুখের হাসির জন্য কিনতেই হচ্ছে।

ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, “২ এক দিন কোন কম ছিল আগে বেচাকেনা কম ছিল। তবে গতকাল থেকে বাজারে প্রাণ ফিরে এসেছে। এখন প্রতিদিনই ভালো বিক্রি হচ্ছে।”

ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে যানজটও বেড়েছে দৌলতপুর এলাকার বিভিন্ন সড়কে। বিকেল থেকে রাত পর্যন্ত রিকশা, ইজিবাইক ও ব্যক্তিগত যানবাহনের চাপে ব্যস্ত হয়ে উঠছে প্রধান সড়কগুলোসহ বাইলেন সড়কগুলো। ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও তৎপর দেখা গেছে। মার্কেট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে চোখে পড়ার মতো।অধিকাংশ ব্যবসায়ীদের আশা, ঈদের আগের শেষ কয়েক দিনে বিক্রি আরও বাড়বে।অন্যদিকে ক্রেতারাও বলছেন, প্রিয়জনের মুখে হাসি ফোটাতে ঈদের কেনাকাটায় কোনো ক্লান্তি নেই। সব মিলিয়ে দৌলতপুরে এখন বইছে ঈদের আনন্দ আর কেনাকাটার উৎসবমুখর আমেজ।